৬০ লাখ ব্যবহারকারীর তথ্য উন্মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রোগ্রামিংয়ের ত্রুটির কারণে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের প্রায় ৬০ লাখ ব্যবহারকারীর ই-মেইল ঠিকানা ও ফোন নম্বর অন্যদের কাছে উন্মুক্ত হয়ে গেছে। ফেসবুক কর্তৃপক্ষ এসব গ্রাহকদের এখন সতর্কবার্তা পাঠাচ্ছে। চলতি মাসের গোড়ার দিকে ফেসবুকের হোয়াইট হ্যাট প্রোগ্রামের মাধ্যমে ‘ডাউনলোড ইয়োর ইনফরমেশন’ টুলে প্রোগ্রামিংয়ের এই ত্রুটির (বাগ) বিষয়টি ধরা পড়ে। যেসব গ্রাহক ডাউনলোড ইয়োর ইনফরমেশন টুলের মাধ্যমে তাঁদের ফেসবুক অ্যাকাউন্টের আর্কাইভ নামিয়েছেন, তাঁদের তথ্যই উন্মুক্ত হয়েছে। এ ত্রুটি শনাক্ত করার জন্য ফেসবুকের নিরাপত্তা গবেষকদের ইতিমধ্যে পুরস্কৃত করা হয়েছে। ফেসবুক তার নিরাপত্তা ব্লগে লিখেছে, ই-মেইল ঠিকানা ও ফোন নম্বর উন্মুক্ত হয়ে পড়ায় অনেক গ্রাহক হতাশ ও বিব্রত হয়েছেন, তা আমরা বুঝতে পারছি। তবে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য আমরা প্রাণপণ চেষ্টা চালাব। ফেসবুকের মুখপাত্র জানান, শিগগিরই এই ত্রুটি মেরামত করা হবে। প্রোগ্রামিংয়ের এই ত্রুটির কারণে কোনো গ্রাহক ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না, তা আমাদের জানা নেই। কেননা, কোনো গ্রাহকের কাছ থেকে কোনো ধরনের অভিযোগ আমরা পাইনি। তবে আমরা এ বিষয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থাগুলোকে অবহিত করেছি এবং যাঁরা এই অনবধানতাবশত প্রোগ্রামিং ত্রুটির শিকার হয়েছেন, তাঁদের কাছে ই-মেইল পাঠিয়ে সতর্ক ও ক্ষমা প্রার্থনা করেছি। —সিনেট অবলম্বনে রোকেয়ারহমান