৭ ইঞ্চি ট্যাবলেট তৈরি করবে মাইক্রোসফট!
‘এক্সবক্স সারফেস’ নামে ৭ ইঞ্চি মাপের ট্যাবলেট কম্পিউটার তৈরি করতে পারে মাইক্রোসফট। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি ম্যাগ জানিয়েছে, প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, মাইক্রোসফটের গেমিং কনসোল এক্সবক্স ও উইন্ডোজ৮ সফটওয়্যারনির্ভর ট্যাবলেট তৈরি করতে পারে মাইক্রোসফট। এ ট্যাবলেটটি হবে মূলত গেম খেলার উপযোগী ট্যাবলেট। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ মাইক্রোসফটের ঘনিষ্ঠ সূত্রের বরাতে ৬ নভেম্বর একটি প্রতিবেদনে মাইক্রোসফটের ট্যাবলেট তৈরির এ প্রকল্পের কথা জানিয়েছে। চলতি বছরের জুন মাস থেকেই বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ব্লগে মাইক্রোসফটের গেমিং ট্যাবলেটটি নিয়ে নানা গুজব ছড়ালেও মাইক্রোসফট কর্তৃপক্ষ এ সম্পর্কে মুখ খোলেনি।প্রযুক্তি বিশ্লেষকেদের বরাতে এক খবরে টেলিগ্রাফ জানিয়েছে, মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বলমার অবশ্য মাইক্রোসফটকে হার্ডওয়্যার ব্যবসার সব বিভাগেই যুক্ত করার ঘোষণা দিয়েছেন। মাইক্রোসফট ৪ ইঞ্চি পর্দার নতুন নকশার স্মার্টফোন বাজারে আনতে পারে বলেও আভাস দিয়েছেন তিনি। ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালে মাইক্রোসফটের নতুন এক্সবক্স গেম কনসোলের পাশাপাশি ৭ ইঞ্চি মাপের সারফেস ব্র্যান্ডের ট্যাবলেট বাজারে আসতে পারে। পেগাট্রন, ফক্সকনের মত এক্সবক্স কনসোল তৈরিতে কাজ করছে এমন প্রতিষ্ঠানেই তৈরি হবে মাইক্রোসফটের ট্যাবলেট।মাইক্রোসফট সারফেস ব্র্যান্ডের ট্যাবলেট তৈরির এ প্রকল্প খুব গোপনে চালাচ্ছে বলেই এ প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।