৭ জুন থেকে ঢাকায় ল্যাপটপ মেলা
‘জ্বালো প্রযুক্তির আলো’ স্লোগানে ৭ জুন থেকে হোটেল রূপসী বাংলায় শুরু হচ্ছে ল্যাপটপ কম্পিউটারের মেলা। ‘কিউবি সামার ল্যাপটপ মেলা ২০১২’ নামে এ মেলা শেষ হবে ৯ জুন। মেলায় ছয়টি প্যাভিলিয়ন, সাতটি মিনি প্যাভিলিয়ন ও ৪০টি স্টলে এসার, আসুস, এইচপি, ইন্টেল, স্যামসাং, গিগাবাইট, তোশিবা, অ্যাপল, ফুজিৎসু, লেনেভো, কিউবি, এমএসআই, বুলগার্ড, বিজয়সহ প্রায় সব ব্র্যান্ডের ল্যাপটপ, নেটবুক ও ট্যাবলেট কম্পিউটার প্রদর্শন করা হবে। এ ছাড়া থাকবে ওয়াইম্যাক্স প্রযুক্তির তারহীন ইন্টারনেট সংযোগ, যন্ত্র ও অ্যান্টিভাইরাস সফটওয়্যার। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় আয়োজক মেকার কমিউনিকেশন্সের পক্ষ থেকে। সম্মেলনে বক্তারা বলেন, তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে এবারের মেলায় বেশ কিছু বিশেষ আয়োজন থাকবে। বাজারে এখনো আসেনি এমন অনেক পণ্য মেলায় প্রথমবারের মতো দেখা যাবে। পাশাপাশি এ পণ্যগুলো ব্যবহার করার সুযোগও থাকবে। মেলার সমন্বয়ক বিপ্লব ঘোষ বলেন, অন্য যেকোনো বছরের এবার ক্রেতা ও দর্শনার্থীদের জন্য বেশি উপহারের ব্যবস্থা থাকছে বলেও জানিয়েছেন। এর মধ্যে রয়েছে প্রতিদিন স্মার্টফোন, ল্যাপটপ, মোবাইল ফোনসেট এবং মেগা ড্রতে এলসিডি টিভি জেতার সুযোগ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কিউবির প্রধান বিপণন কর্মকর্তা নেহাল আহমেদ, আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ডের চেয়্যারম্যান আবদুল ফাত্তাহ, এইচপির পারসোনাল বিজনেস গ্রুপের কান্ট্রি বিজনেস ম্যানেজার ইমরুল হোসেন ভূঁইয়া, ইন্টেলের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মনজুর, এক্সিকিউটিভ টেকনোলজিসের মহাব্যবস্থাপক সালমান আলী খান, স্যামসাংয়ের বাজার যোগাযোগ ব্যবস্থাপক মাহমুদ বিন কাইয়ুমসহ অনেকে।নেহাল আহমেদ বলেন, ‘বাংলাদেশে ল্যাপটপ এবং নেটবুকের বিক্রি অভূতপূর্বভাবে বাড়ছে। এটি ল্যাপটপ কিংবা নেটবুকগুলোর দ্রুতগতির ইন্টারনেট সংযোগ ছাড়া অসম্ভব। ‘কিউবি সামার ল্যাপটপ ফেয়ার’ নামকরা ব্র্যান্ডের বিশ্বের বাজারে একেবারে নতুন এমন নতুন নতুন প্রযুক্তির গ্যাজেটস তুলে ধরবে।’মেলার প্রধান পৃষ্ঠপোষক কিউবি, সহ-পৃষ্ঠপোষক এসার, আসুস, এইচপি, স্যামসাং ও ইন্টেল। সহযোগী হিসেবে রয়েছে এবিসি রেডিও, আজকের ডিল, এখনই ডট কম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম, বিডিওএসএন এবং ওরাটর পিআর।মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। —জিয়াউর রহমান চৌধুরী