৭ জুলাই থেকে ল্যাপটপ মেলা
ঢাকায় চতুর্থবারের মতো শুরু হচ্ছে ল্যাপটপ কম্পিউটারের মেলা। শুধু ল্যাপটপ নিয়ে আয়োজিত তিন দিনের এ মেলা শুরু হবে ৭ জুলাই। মেকার কমিউনিকেশনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে। এবারের মেলায় ১৭টি প্রতিষ্ঠান ১৫টি প্যাভিলিয়ন ও ১১টি স্টলে নিজেদের সর্বশেষ প্রযুক্তির ল্যাপটপ প্রদর্শন করবে। মেলার সমন্বয়ক সুলতান মাহমুদ জানান, সাধারণত আমরা জানুয়ারি মাসে ল্যাপটপ মেলা করলেও এবারই প্রথম অংশগ্রহণকারীদের অনুরোধে একই বছর দ্বিতীয়বারের মতো মেলার আয়োজন করা হয়েছে। তিনি জানান, সর্বশেষ প্রযুক্তির ল্যাপটপগুলো সাধারণ দর্শক এবং ব্যবহারকারীদের কাছে সহজে পৌঁছাতে এবং অংশগ্রহণকারীদের অনুরোধে বছরে দুবার এ মেলা অনুষ্ঠিত হবে। এবারের মেলায় তিনটি নতুন ব্র্যান্ডসহ এবং বেশ কয়েকটি নতুন প্রতিষ্ঠানও যোগ দেবে বলে জানা গেছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা আটটা ৩০ মিনিট পর্যন্ত চলবে। মেলার টিকিট ২০ টাকা। মেলার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে গিগাবাইট, তোশিবা, এসার ও স্যামসাং এবং সহযোগী এইচপি। —নুরুন্নবী চৌধুরী