৭ ডিসেম্বর বিডিওএসএনের প্রথম কংগ্রেস
আগামী ৭ ডিসেম্বর বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হবে। সুন্দরবনে অনুষ্ঠেয় চার দিনের ‘বিডিওএসএন কংগ্রেস-২০১১’ শীর্ষক এ আয়োজনে বিডিওএসএনের সব কার্যক্রমের পুনর্মূল্যায়ন, ভবিষ্যৎ কার্যক্রম প্রভৃতি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এতে বিডিওএসএনের সভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ বিডিওএসএন ও সহযোগী সংগঠনের দুই শতাধিক সদস্য অংশ নেবেন।মুক্ত সফটওয়্যার প্রচার, প্রসার এবং মুক্ত সফটওয়্যার ব্যবহারে উদ্বুদ্ধ করার নানা ধরনের কার্যক্রম প্রসারে ২০০৫ সালের ২৪ অক্টোবর যাত্রা শুরু করে বিডিওএসএন। ছয় বছরে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওপেন সোর্স নেটওয়ার্ক গঠনের পাশাপাশি বাংলা উইকিপিডিয়ার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে সংগঠনটি। পাশাপাশি তথ্যপ্রযুক্তির বিভিন্ন আয়োজনে সহযোগী হিসেবেও কাজ করেছে বিডিওএসএন। কংগ্রেস বিষয়ে বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান জানান, ‘মুক্ত সফটওয়্যারের প্রসারে বিডিওএসএন নিয়মিত কাজ করে যাচ্ছে; এবং এ কংগ্রেসের মাধ্যমে সারা দেশে মুক্ত সফটওয়্যার ছড়িয়ে দেওয়ার বার্তা পৌঁছে দেওয়া হবে।’ কংগ্রেসে নানা আয়োজনের মধ্যে থাকছে মুক্ত সফটওয়্যার বিষয়ে কর্মশালা, আলোচনা, বাংলা উইকিপিডিয়া নিয়ে আলোচনা। এরই মধ্যে কংগ্রেসের প্রায় সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেসের আহ্বায়ক নাহিদুল ইসলাম রুমেল। কংগ্রেসের বিস্তারিত জানা যাবে www.bdosncongress.org ঠিকানার ওয়েবসাইটে। —নুরুন্নবী হাছিব