
প্রযুক্তি ব্যবহার করে জনগণের কাছে বিভিন্ন সেবা পৌঁছে দেওয়ার উদ্ভাবনী প্রচেষ্টাকে উৎসাহ দিতে সাতটি প্রতিষ্ঠানের মধ্যে সেবা উদ্ভাবনী তহবিল (সার্ভিস ইনোভেশন ফান্ড) থেকে এক কোটি নয় লাখ ৪৩ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি এ তহবিল পরিচালনা করছে। এ তহবিলে অর্থায়ন করছে ইউএনডিপি ও ইউএসএইড।ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বুধবার একটি অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন ট্যামেসিস, অর্থসচিব ফজলে কবির, এটুআইয়ের নীতিমালা উপদেষ্টা আনীর চৌধুরী।শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে এটি একটি অগ্রগামী পদক্ষেপ। আমাদের দেশের যুবকেরা তাঁদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে সমৃদ্ধ জাতি গঠনে ভূমিকা রাখতে পারবেন। এ উদ্দেশ্যে উদ্ভাবনী দক্ষতার বিকাশে সরকারিভাবে উদ্ভাবনী তহবিল গঠন করা হয়েছে।’ ড্যান ডব্লিউ মজীনা বলেন, ডিজিটাল প্রযুক্তি জীবনযাত্রার মান বদলে দেওয়ার ক্ষমতা রাখে।৫৫৪টি উদ্ভাবনী প্রকল্প প্রস্তাবের মধ্য থেকে সাতটি প্রস্তাবকে অনুদানের জন্য নির্বচন করা হয়। প্রস্তাব নির্বাচনে সেবা বিকেন্দ্রীকরণ, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ উন্নয়ন, পরিবেশবান্ধব প্রযুক্তি, দরিদ্রবান্ধব সেবা প্রদানব্যবস্থা, স্বল্পমূল্যের প্রযুক্তি, তথ্যে প্রবেশাধিকার, বাংলা ভাষা সহায়ক সফটওয়্যার ইত্যাদি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। অনুদান পাওয়া সাতটি প্রতিষ্ঠান হলো পরিবেশ অধিদপ্তর (অনুদানের পরিমাণ ১৫ লাখ টাকা), সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (৬ লাখ ৮৭ হাজার টাকা), যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগ (১৬ লাখ টাকা), জীবন বীমা করপোরেশন (১০ লাখ টাকা), ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন-ইপসা (২০ লাখ ৬ হাজার টাকা), মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর (১৮ লাখ ৫ হাজার টাকা) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (২৩ লাখ টাকা)।
উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে এটুআইয়ের পক্ষ থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, উন্নয়নকর্মী এবং শিক্ষার্থীদের কাছে উদ্ভাবনী তহবিলের জন্য প্রস্তাব চাওয়া হয়।
—মো. রাফাত জামিল