৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এফ-কমার্স সম্মেলন
গত বছরের ৩১ ডিসেম্বরের হিসাব অনুযায়ী ফেসবুকে প্রতি মাসে ন্যূততম ১৩৯ কোটি মানুষ ঢুঁ মারে। এত বিপুলসংখ্যক মানুষের আনাগোনা স্বাভাবিকভাবেই ফেসবুককে ব্যবসায়ের বড় ক্ষেত্রে পরিণত করেছে। তাই বিশ্বের নামীদামি সব প্রতিষ্ঠান ফেসবুকের মাধ্যমে বিশাল এই বাজারে নিজেদের পণ্য বা সেবার বার্তা যেমন পৌঁছে দিচ্ছে, তেমনি সরাসরি বিকিকিনিও হচ্ছে ফেসবুকের মাধ্যমে। এই মাধ্যমকে বলা হচ্ছে ফেসবুক কমার্স বা এফ-কমার্স। বাংলাদেশের উদ্যোক্তাদের কাছে এফ-কমার্সের ধারণা তুলে ধরতে সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক বিপণন প্রতিষ্ঠান গিকি সোশ্যাল আয়োজন করতে যাচ্ছে জাতীয় এফ-কমার্স সম্মেলন ২০১৫। ৭ ও ৮ ফেব্রুয়ারি রাজধানীর ইএমকে সেন্টারে আয়োজিত হবে এ সম্মেলন। গতকাল মঙ্গলবার রাজধানীর বেসিস সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এ সম্মেলন আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস—বেসিস।
বেসিসের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম এখন বিপণনের সবচেয়ে ভালো সময়।’ অল্প হলেও বাংলাদেশে এফ-কমার্স পরিচিতি পাচ্ছে। তবে পরিকল্পনা অনুযায়ী কাজ না করায় পূর্ণ ফল পাচ্ছে না বলে মনে করেন গিকি সোশ্যালের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ সাইমুম হোসেন। তিনি বলেন, ‘সম্মেলনের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষকে এফ-কমার্স বিষয়ে সচেতনতা বাড়াব।’
সম্মেলনে বক্তৃতা করেন আজকের ডিল ডটকমের পরিচালন প্রধান দেবাশিষ ফণী এবং গিকি সোশ্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহাদী হাসান।
জাতীয় এফ-কমার্স সামিট ২০১৫ আয়োজনে পৃষ্ঠপোষকতা করবে আজকের ডিল ডটকম, ইএমকে সেন্টার, নিউজক্রেড এবং বাংলাদেশ স্টার্টআপ কাপ। জাতীয় এফ-কমার্স সম্মেলনে অংশ নিতে কোনো ফি লাগবে না। তবে নিবন্ধন করে নিতে হবে।
নিবন্ধনের ওয়েব ঠিকানা: http://bit.ly/FCSummit —মেহেদী হাসান