৭০ কোটির নেটওয়ার্ক

প্রতি মাসে এখন ৭০ কোটিরও বেশি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। গত বছরের আগস্ট মাস পর্যন্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ছিল ৬০ কোটি। সম্প্রতি এক ফেসবুক পোস্টে হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী জান কউম এ তথ্য জানিয়েছেন।
জান কউম আরও জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ থেকে এখন প্রতিদিন ৩০ বিলিয়ন বার্তা আদান-প্রদান হচ্ছে। মাসিক ৭০ কোটি ব্যবহারকারীর হিসাব ধরলে বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগের অন্যতম একটি সাইট হয়ে দাঁড়িয়েছে বার্তা আদান-প্রদানের এই অ্যাপ্লিকেশনটি।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর হিসাবে টুইটার ও ইনস্টাগ্রামকেও ছাড়িয়ে গেছে। বর্তমানে ২৮ কোটি ৪০ লাখ ব্যবহারকারী টুইটার ও ৩০ কোটি ব্যবহারকারী ইনস্টাগ্রাম ব্যবহার করেন। তবে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবে ১৩০ কোটিরও বেশি ব্যবহারকারী নিয়ে শীর্ষে রয়েছে ফেসবুক।
হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার স্মার্টফোনের জন্য জনপ্রিয় একটি ম্যাসেঞ্জার। বিভিন্ন অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে এই ম্যাসেঞ্জার ব্যবহার করা যায়। শুধু চ্যাটই নয়, এ ম্যাসেঞ্জারের মাধ্যমে ছবি আদান-প্রদান, ভিডিও ও অডিও মিডিয়া বার্তাও আদান-প্রদান করা যায়। ম্যাসেঞ্জারটি অ্যাপলের আইওএস, ব্ল্যাকবেরি, অ্যান্ড্রয়েড, সিমবিয়ান ও উইন্ডোজ ফোনে ব্যবহার করা যায়।
ব্যবহারকারীর ফোনে থাকা ফোন নম্বর তালিকা থেকে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে নম্বর সিংকক্রোনাইজ করে নেয়। ফলে আলাদা করে আইডি যোগ করার প্রয়োজন হয় না। স্মার্টফোনে বিনা মূল্যে ব্যবহারের উপযোগী ম্যাসেঞ্জারটিতে ব্যক্তিগত হালনাগাদ, ব্যবহারকারী যেখান থেকে চ্যাট করছেন সে এলাকা, গ্রুপ তৈরি, গ্রুপের জন্য আলাদা আইকন তৈরি করা যায়।
২০০৯ সালে ইয়াহুর সাবেক কর্মী ব্রায়ন অ্যাক্টন ও জান কউম মিলে হোয়াটসঅ্যাপ তৈরি করেন। বর্তমানে এ প্রতিষ্ঠানটিতে ৫৫ জন কর্মী রয়েছেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে এক হাজার ৯০০ কোটি মার্কিন ডলার দামে হোয়াটসঅ্যাপকে কিনেছিল ফেসবুক। হোয়াটসঅ্যাপ কেনার সময় ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ জানান, প্রতিদিন ১০ লাখ মানুষ হোয়াটসঅ্যাপ ডাউনলোড করছেন এবং এই অ্যাপটির ৪৫ কোটি ব্যবহারকারী রয়েছেন।