৭০ হাজার ব্লগ বন্ধ!
আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার বার্তা প্রচারসহ বিভিন্ন ক্ষতিকর ও স্পর্শকাতর তথ্য প্রকাশের অভিযোগে ৭০ হাজার ব্লগ বন্ধ করে দেওয়া হয়েছে। এসব ব্লগের অধিকাংশই ব্লগইটেরি ডোমেইনের অধীনে ছিল। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের পরামর্শে সংশ্লিষ্ট হোস্টিং প্রতিষ্ঠান বার্স্টনেট ব্লগগুলো বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে। বার্স্টনেট জানিয়েছে, ব্লগইটেরি ডোমেইনের অধীনে বেশ কিছু ব্লগের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম চালানোর তথ্য পাওয়া গেছে। আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের বিভিন্ন বার্তা প্রচারের অভিযোগ রয়েছে কিছু ব্লগের বিরুদ্ধে। একটি ব্লগে পাওয়া গেছে বোমা বানানোর কৌশল সম্পর্কে নানা তথ্য। যা বার্স্টনেটে হোস্টিং সেবা গ্রহণের শর্তবিরোধী। এর আগে এফবিআই ব্লগইটেরির অধীন ব্লগগুলোর মাধ্যমে জঙ্গি তৎপরতা চালানোর কথা বার্স্টনেটের কাছে জানায় এবং এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। ৭০ হাজার ব্লগ বন্ধ করে দেওয়া প্রসঙ্গে ব্লগইটেরি কর্তৃপক্ষ জানায়, তাদের কোনো নোটিশ বা ব্যাখ্যা দেওয়া ছাড়াই এসব ব্লগ বন্ধ করে দেওয়া হয়েছে, যা কোনোভাবেই করা উচিত হয়নি। এখন ব্লগগুলো খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় বিভিন্ন দেশের ব্লগাররা ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলছে, যাচাই-বাছাই না করে কেবল অনুমানের ওপর ভিত্তি করে এফবিআই এ ধরনের পরামর্শ দিয়েছে। এটা তাদের স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকারকে হরণ করছে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান