৭৪টি দেশে পথ দেখায় নকিয়া
বিশ্বের প্রায় ৭৪টি দেশে রাস্তার নিদের্শনা দিচ্ছে নকিয়া। পায়ে হাঁটা বা গাড়ি চালানো—পথ যেমনই হোক, নকিয়ার মানচিত্রে তা দেখা যাবে। এই মানচিত্র সংগ্রহের (ডাউনলোড) পরিমাণ দিন দিন বাড়ছেই। কথার মাধ্যমে রাস্তার নির্দেশনাসহ (ভয়েস গাইডলাইন) ৪৬টি ভাষায় এই মানচিত্র তৈরির কাজ চলছে। গত সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নকিয়া শোকেস ২০১০-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য দেন নকিয়ার দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজার বিপণন প্রধান ক্রিস কার। চলতি বছরে নকিয়ার অভি মেইল, অনলাইন মিউজিক স্টোর ও শহরকেন্দ্রিক নকিয়া ম্যাপসের ভবিষ্যত্ সাফল্য নিয়েও তিনি আলোচনা করেন।দুই দিনের এ আয়োজন চলছে ব্যাংকক শহরের চাওপাই নদীর ওয়্যারহাউসে। এ প্রদর্শনীতে নকিয়ার এন৯০০ মোবাইল ফোনসেট দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিস কার জানান, নকিয়ার অভি মেইল ব্যবহার করার দিক থেকে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম এমার্জিং এশিয়ার তালিকায় এগিয়ে আছে। নকিয়ার মিউজিক স্টোরে বিনামূল্যে ৫০০টি গান পাওয়ার সুবিধা আছে। এতে এখন ৯০ লাখেরও বেশি সুর (মিউজিক ট্র্যাক) রয়েছে। দুই দিনের এ আয়োজনে নকিয়ার ভবিষ্যত্ পরিকল্পনা, ডিজিটাল নকশা কৌশল, আইকন তৈরির নেপথ্য গল্প, মানচিত্র নির্মাতাদের অভিজ্ঞতা জানানো হয়েছে। নকিয়ার বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত জানান নকিয়ার ডিজাইন প্রধান নিকি বার্টন, ম্যাপস প্রধান জুকা হোসিও, আইকন নির্মাতা দলের প্রধান রবার্ট উইলিয়ামসসহ আরও কয়েকজন বিশেষজ্ঞ।ক্রিস কার এবং বাংলাদেশে নকিয়া এমার্জিং এশিয়ার মহাব্যবস্থাপক প্রেমচাঁদ জানান, বাংলাদেশেও নকিয়া লাইফটুল, নকিয়া মানিসহ বেশ কয়েকটি সেবা চালু করা হবে। গতকাল মঙ্গলবার শেষ হয়েছে নকিয়ার এ প্রদর্শনী।—শাহ্ মো. হাফিজুর রহমান, ব্যাংকক (থাইল্যান্ড) থেকে