৭৫ শতাংশ স্মার্টফোনে অ্যান্ড্রয়েড
গুগলের তৈরি স্মার্টফোনের মুক্ত অপারেটিং সিস্টেম (ওএস) হিসেবে জনপ্রিয়তার শীর্ষে আছে অ্যান্ড্রয়েড। আর বর্তমানে সারা বিশ্বে ৭৫ শতাংশ স্মার্টফোনে ব্যবহূত হচ্ছে এ ওএসটি। সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান আইডিসি প্রকাশিত এক খবরে এ তথ্য জানা গেছে। অ্যান্ড্রয়েডের পরে রয়েছে অ্যাপলের তৈরি অপারেটিং সিস্টেম আইওএস। আইফোনে ব্যবহূত এ ওএসটির বাজার শেয়ারের অবস্থা ১৪.৯ শতাংশ। এক বছর আগেও অ্যান্ড্রয়েডের বাজার শেয়ার ছিল ৫৮ শতাংশ, যা চলতি বছরের এ প্রান্তিকে বেড়ে ৭৫ শতাংশ হয়েছে। আইডিসির মোবাইল ফোনবিষয়ক গবেষক র্যা মন লামস বলেন, ‘২০০৮ সালে চালু হওয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য দারুণ একটি অপারেটিং সিস্টেম।’ বিনা মূল্যে ব্যবহার করা যায় বলেও অ্যান্ড্রয়েডের রয়েছে দারুণ জনপ্রিয়তা। এর বাইরে ব্ল্যাকবেরির বাজার শেয়ার ৪.৩ শতাংশ, সিমবিয়ানের শেয়ার ২.৩ শতাংশ এবং উইন্ডোজ ওএসের শেয়ার ২ শতাংশ। ব্ল্যাকবেরি নির্মাতা রিসার্চ ইন মোশন (আরআইএম) আগামী বছরের শুরুতে নিজেদের নতুন স্মার্টফোন বাজারে আনবে। এ ছাড়া মাইক্রোসফট ইতিমধ্যে নিজেদের ওএস চালিত সর্বশেষ ফোন বাজারে ছেড়েছে। সিমবিয়ান ওএস মূলত ব্যবহূত হয় নকিয়া ফোনে। বর্তমানে স্যামসাং, এইচটিসি, মটোরোলা এবং গুগল অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন বাজারে বিক্রি করছে। —টেকক্রাঞ্চ অবলম্বনে কাজী আশফাক আলম