৮-এর পর ১০ কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইন্ডোজ ১০
উইন্ডোজ ১০

৮-এর পর তো ৯ হওয়ার কথা। কিন্তু একলাফে উইন্ডোজ১০-এ চলে গেল মাইক্রোসফট! প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছিলেন, এবারে মাইক্রোসফট বেশ চমক দিয়ে উইন্ডোজ ৯ অপারেটিং সিস্টেমের ঘোষণা দেবে। কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিয়ে ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে একটি অনুষ্ঠানে উইন্ডোজ ৮-এর পরবর্তী সংস্করণ হিসেবে উইন্ডোজ ১০-এর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। কিন্তু নতুন অপারেটিং সিস্টেমের নাম কেন উইন্ডোজ ১০ বেছে নেওয়া হলো তা নিয়ে বিভিন্ন ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট সম্প্রতি এ বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 
সিনেটের প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজ ১০ নামটি বেছে নেওয়ার কারণ ‘স্মার্ট মার্কেটিং’ বা উইন্ডোজকে বাজারে জনপ্রিয় করার একটি কৌশল। গত দুই বছরে উইন্ডোজ ৮ নিয়ে যে বিতর্ক চলছিল, উইন্ডোজ ১০ দিয়ে তা ঢাকতে চায় মাইক্রোসফট। ৯ সংখ্যাটি বাদ দিয়ে একলাফে ১০-এ গিয়ে একটু বাড়তি আলোচনায় আসতে চাওয়াও এর কারণ হতে পারে। 
উইন্ডোজ ১০ নামকরণের আরেকটি কারণ হতে পারে—এর ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে মিলে যাওয়া। পরবর্তী উইন্ডোজ সংস্করণগুলো বিনা মূল্যে আপগ্রেড করার সুযোগ দিতে পারে মাইক্রোসফট। এ ক্ষেত্রে অ্যাপলের কৌশল অবলম্বন করতে পারে মাইক্রোসফট, যাতে বিভিন্ন সংস্করণের সংখ্যা আপডেটের সময় বিভিন্ন নাম দেওয়া যায়। এ প্রসঙ্গে মাইক্রোসফট ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট অ্যান্দ্রেস দিয়ানতোরো বলেন, ‘বর্তমান উইন্ডোজ ৮ ব্যবহারকারীদের কাছে উইন্ডোজের পরবর্তী সংস্করণ বিনা মূল্যে সরবরাহ করার কথা ভাবছে মাইক্রোসফট।’ 

এ ছাড়া উইন্ডোজ ৯ নাম না রাখার পেছনে আরেকটি যুক্তি হচ্ছে, উইন্ডোজ ৯ নামটি উইন্ডোজ ৯৫ ও ৯৮-এর সঙ্গে গুলিয়ে যাওয়ার আশঙ্কাও ছিল। সময় বাঁচাতে ডেভেলপাররা উইন্ডোজ ৯৫ বা ৯৮-এর পরিবর্তে উইন্ডোজ ৯ ব্যবহার করেন।
নামকরণ প্রসঙ্গে মাইক্রোসফটের এক মুখপাত্র প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজম্যাগকে জানিয়েছেন, উইন্ডোজ ১০ উইন্ডোজ ব্যবহারকারীদের নতুনভাবে কাজ করা শেখাবে। এটা সংখ্যার কোনো পরিবর্তন নয়, বরং পরবর্তী ১০০ কোটি মানুষের ক্ষমতায়নের একটি জানালা। বর্তমানে বিশ্বে ১৫০ কোটিরও বেশি পণ্যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হচ্ছে।
মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম বিভাগের প্রধান টেরি মেয়ারসন জানিয়েছেন, ‘উইন্ডোজ ১০ হবে আমাদের অন্যতম এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম তৈরির প্রকল্পটি অভ্যন্তরীণভাবে দীর্ঘদিন ধরে থ্রেসহোল্ড নামে পরিচিত ছিল। এটি মাইক্রোসফটের নতুন ধরনের একটি পদ্ধতি, যাতে মোবাইল ডিভাইসও সমর্থন করবে। উইন্ডোজ ১০ নামটির অর্থ হচ্ছে ‘লাফ’। এটি এক্সবক্স থেকে পিসি, ফোন, ট্যাবলেট এমনকি ক্ষুদ্র স্মার্টপণ্যগুলোতেও চলবে।’
মেয়ারসন বলেন, উইন্ডোজ ১০ যেহেতু সব পণ্যেই ব্যবহার করা যাবে, তাই তাঁরা এর নাম দিতে চেয়েছিলেন ‘উইন্ডোজ ওয়ান’। কিন্তু এ নামটি ইতিমধ্যে পুরোনো হয়ে গেছে।

কবে আসবে ১০?
বাজার বিশ্লেষকেরা বলেছেন, আগামী বছর নাগাদ নতুন উইন্ডোজ বাজারে আসতে পারে। তবে আগ্রহীরা মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে উইন্ডোজ ১০-এর প্রিভিউ সংস্করণটি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোডের লিংক :  http://windows.microsoft.com/en-us/windows/preview

কী আছে নতুন উইন্ডোজে
উইন্ডোজ ১০ সংস্করণটি মোবাইল ফোন, ট্যাবলেট, পিসি, এক্সবক্স গেম কনসোলসহ বিভিন্ন ধরনের পণ্যেই চলবে। একটি একক অ্যাপ্লিকেশন স্টোর থেকে উইন্ডোজের বিভিন্ন অ্যাপ্লিকেশন কিনতে পাওয়া যাবে। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, উইন্ডোজ ১০ এ চমক দেওয়ার মতো নতুন কিছু নেই। উইন্ডোজ ৮ এ যে সমস্যাগুলো ছিল তা ঠিক করা হয়েছে। এ ছাড়া উইন্ডোজ ৭ এর ফিচারগুলো উন্নত করা হয়েছে। এরপর ৭ ও ৮ একত্রে করে তৈরি করা হয়েছে উইন্ডোজ ১০। উইন্ডোজ ১০ এ ফিরে এসেছে স্টার্ট মেনু। এতে মাল্টিপল ডেস্কটপ, টাস্ক ভিউয়ের মতো আরও বেশ কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে।