৮ জুন থেকে অ্যাপলের ডেভেলপার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

৮ জুন থেকে শুরু হবে বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স ২০১৫’। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ১২ জুন পর্যন্ত চলবে এ সম্মেলন। সংক্ষেপে এ সম্মেলন ডব্লিউডব্লিউডিসি নামেই পরিচিত।
অন্যান্যবারের মতো এবারও সম্মেলনের আগেই নানা বিষয় নিয়ে চলছে প্রযুক্তি দুনিয়ায় আলোচনা। কী কী নতুন প্রযুক্তি ও পণ্য আসছে, সেসব নিয়েও জল্পনা-কল্পনা চলছে। ধারণা করা হচ্ছে, এবারের সম্মেলনে ঘোষণা আসতে পারে অ্যাপল মিউজিক, আইফোনের অপারেটিং সিস্টেম আইওএসের পরবর্তী সংস্করণ আইওএস ৯, অ্যাপল টিভির হালনাগাদ সংস্করণ ইত্যাদি সম্পর্কে। ইতিমধ্যে বিভিন্ন ওয়েবসাইটে শুরু হয়েছে ক্ষণ গণনা। এবারের সম্মেলনে মূল বক্তব্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আয়োজন সরাসরি ওয়েবসাইটে সম্প্রচার করা হবে। অ্যাপলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফিল স্কিলার বলেন, ‘আইওএস এবং ওএস এক্স অপারেটিং সিস্টেমের জন্য আমরা দারুণ সব প্রযুক্তি পেয়েছি। আশা করছি নতুন প্রজন্মের জন্য এবারের সম্মেলনে দারুণ কিছু পাওয়া যাবে।’
এক বছর আগেই স্পিকার নির্মাতা বিটস ইলেকট্রনিকস প্রায় ৩০০ কোটি ডলারের বিনিময়ে কিনে নেয়। ধারণা করা হচ্ছে, এবার যৌথভাবে ‘অ্যাপল মিউজিক’ নামে বিটসের নানা সেবা চালুর ঘোষণা দেবে অ্যাপল। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা আইফোন ৬ ও ৬+ দিয়ে ‘অ্যাপল পে’ সুবিধা পাচ্ছেন। আশা করা হচ্ছে, এটি আরও কয়েকটি দেশে চালু করা হবে। এসবের পাশাপাশি নতুন অ্যাপল টিভি, অ্যাপলওয়াচের দারুণ সব নতুন হালনাগাদ সুবিধা, হোমকিট, ওএসএক্সের নতুন সংস্করণ ইত্যাদিরও ঘোষণা আসবে ডেভেলপার সম্মেলনে। সবচেয়ে বড় আকর্ষণ থাকছে ‘অ্যাপল কার’ নিয়ে। সবকিছু ঠিক থাকলে এবারের সম্মেলনেই সবচেয়ে বড় চমক হিসেবে আসবে অ্যাপল কার চালুর ঘোষণা।
দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম