৮ জুলাই ঢাকায় আইটি মার্কেটিং ফোরাম
‘বর্তমানে দেশে আনুমানিক আড়াই হাজার কোটি টাকার তথ্যপ্রযুক্তির বাজার রয়েছে, যেখানে কাজ করছে ৭০ হাজার শিক্ষিত জনশক্তি। তাই তথ্যপ্রযুক্তি দেশের অন্যতম সম্ভাবনাময় খাত, তবে সেখানে অগ্রগতি আশানুরূপ হচ্ছে না। এর অন্যতম কারণ বাজারজাত কৌশল বা ব্র্যান্ডিং সমস্যা।’ গতকাল শনিবার ঢাকায় ‘আইটি মার্কেটিং ফোরাম’ আয়োজন উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বেসিসের মহাসচিব রাসেল টি আহমেদ। তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত জ্ঞান ও দক্ষতার উন্নয়নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আগামী ৮ জুলাই এই কর্মশালার আয়োজন করছে। কর্মশালা হবে রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফোরামে মোট চারটি অধিবেশনের আয়োজন করা হবে, যেখানে থাকবে তথ্যপ্রযুক্তিশিল্পের জন্য বিপণন ও যোগাযোগ, বিপণন: বিনিয়োগ নাকি ব্যয়, আইটি ব্র্যান্ডের শক্তি এবং বাংলাদেশ নেক্সট: দেশের ব্র্যান্ডিংয়ের পরিপ্রেক্ষিত।
বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, গুগল দক্ষিণ-পূর্ব এশিয়ার এজেন্সি বিজনেস ও সেলস ডেভেলপমেন্টের আঞ্চলিক প্রধান আনন্দ তিলক, দক্ষিণ এশিয়ান গ্রে ডিজিটালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডিজিটাল হেড সুধীর নাইর, জিপিআইটির প্রধান নির্বাহী কর্মকর্তা রায়হান শামসি, গ্রে গ্রুপ ঢাকার ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম, গুগল কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশ কাজী মনিরুল কবির, এয়ারটেল বাংলাদেশের প্রধান কৌশলগত কর্মকর্তা (সিএসও) রুবাবা দৌলাসহ আরও অনেকে।
অনলাইন বা পে-অর্ডারের মাধ্যমে ফোরামে নিবন্ধন করা যাবে। বিস্তারিত জানা যাবে www.basis.org.bd ঠিকানার ওয়েবসাইট থেকে।
বেসিসে চলছে ব্যবসায় সফটওয়্যার প্রদর্শনী: রাজধানীর কারওয়ান বাজারে বেসিসের কার্যালয়ে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে ‘বিজনেস সফটওয়্যার শোকেস’ নামে দুই দিনের এক সফটওয়্যার প্রদর্শনী। প্রদর্শনীতে তৈরি পোশাকশিল্প ও বস্ত্র খাতের বিভিন্ন সফটওয়্যার দেখানো হচ্ছে। ১২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এতে। প্রদর্শনী শেষ হবে আজ সন্ধ্যা সাতটায়। —হাসান ইমাম