দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১৬-১৯ মেয়াদের নির্বাহী কমিটির প্রথম বছর পূর্তিতে তিনটি পদের নির্বাচন আগামী ৮ জুলাই অনুষ্ঠিত হবে। গত রোববার বেসিসের নির্বাচন পরিচালনা বোর্ড নির্বাচনী তফসিল ঘোষণা করেছে।
এদিকে এই নির্বাচনি প্রক্রিয়াকে অবৈধ বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি মোস্তাফা জব্বার। গতকাল সোমবার প্রথম আলোকে তিনি বলেন, ‘সংঘবিধি না মেনেই এই নির্বাচন করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির নির্দেশনা মানা হচ্ছে না। বেসিসের সংঘবিধির ১২.৫, ১৪.৪ ও ১৪.৫ ধারা অমান্য করা হচ্ছে। বেসিসের সংঘবিধিতে যেসব অসংগতি রয়েছে, সেগুলো দূর হওয়া প্রয়োজন।’
বেসিস নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এস এম কামাল প্রথম আলোকে বলেন, ‘নানা কারণে আমরা দুই দিন পিছিয়ে গিয়েছিলাম। তবে নির্বাচন ৮ জুলাইয়ে হচ্ছে।’ তিনটি পদে মনোনয়ন জমা নেওয়া রোববার থেকে শুরু হয়েছে। জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১০ জুন।
প্রসঙ্গত, বেসিসের তিন বছর মেয়াদি নয় সদস্যের নির্বাহী কমিটিতে প্রতিবছর তিনজন করে সদস্যের অবসর নেওয়া এবং সেই তিন পদে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। ২৩ মে লটারি করে তিনজনকে অবসর দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এই প্রক্রিয়াকে অবৈধ বলে বেসিসের সভাপতি ২৪ মে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের পরিচালকের (ডিটিও) কাছে চিঠি লেখেন এবং পরপর তিন মেয়াদে কমিটিতে থাকা তিন সদস্যকে অবসর দিয়ে নির্বাচন পরিচালনার আবেদন করেন। ২৫ মে বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে বেসিসের সংঘবিধিতে প্রয়োজনীয় সংশোধনী এনে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা দেওয়া হয়।