এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (এসিএম-আইসিপিসি) ঢাকা পর্ব আগামী ৮ ডিসেম্বর ঢাকার র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।দেশের ৬৪টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০টি দল ও এসিএম-আইসিপিসি ২০১২ ঢাকা অঞ্চলের প্রতিযোগিতায় অংশ নেবে। সঙ্গে থাকবে চীন ও ভারতের তিনটি দল। মুহম্মদ জাফর ইকবাল এসিএম-আইসিপিসি ঢাকা ২০১২-এর প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।প্রাথমিক পর্ব থেকে কোটাভিত্তিক বাছাই এবং আগের ফল মূল্যায়নের মাধ্যমে এ দলগুলো অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। এবারের প্রতিযোগিতায় সেরা ২০টি দলকে পুরস্কার দেওয়া হবে নগদ অর্থ, স্মারক আর সনদ। প্রতিযোগিতায় বিজয়ীরা রাশিয়ার সেন্ট পিটাসবার্গ এসিএম-আইসিপিসের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য এস এম মাহবুবুল হক মজুমদার, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ইমরান হোসেন, এমটেক্স লিমিটেডের প্রধান সফটওয়্যার কর্মকর্তা শারমিন আকতার ও থেরাপ সার্ভিসেস লিমিটেডের পরিচালক সাজ্জাদ রফিকসহ আরও অনেকে। সম্মেলনে বিস্তারিত জানান প্রতিযোগিতার পরিচালক এবং ডিআইউর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান সৈয়দ আকতার হোসেন। তিনি বলেন, ‘১০ নভেম্বর প্রথমবারের মতো অনলাইনে প্রাথমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় অন্যবারের চেয়ে বেশিপ্রতিযোগী অংশ নিচ্ছেন।’ মূল প্রতিযোগিতায় প্রোগ্রামিং লড়াইয়ের পাশাপাশি সেমিনার, ক্যারিয়ার-বিষয়ক উপস্থাপনা ও টক শো অনুষ্ঠিত হবে। —জিয়াউর রহমান চৌধুরী