
বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক এবার ব্যবহারকারীদের সংবাদ পড়ার বিষয়টিকে আরও সহজতর করতে নতুন সুবিধা চালু করেছে। বিভিন্ন ধরনের সংবাদ প্রাপ্তির জন্য বর্তমানে সারা বিশ্বেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ফেসবুক। আর সেটিকেই আরও উন্নত করে তাৎক্ষণিক ইন্টারঅ্যাকটিভ সংবাদ দ্রুতগতিতে ফেসবুকের ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে এমন উদ্যোগ বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আর এ সুবিধাটি পাওয়া যাবে মোবাইল ফোনের মাধ্যমেই। তরুণ পাঠকদের কাছে দ্রুত সংবাদ পৌঁছানোর এমন উদ্যোগে সম্মতি আছে একাধিক জনপ্রিয় সংবাদমাধ্যমেরও।
ন্যাশনাল জিওগ্রাফি, দ্য নিউইয়র্ক টাইমস, বাজফিড, দ্য গার্ডিয়ান, বিবিসির মধ্যে প্রভাবশালী এবং জনপ্রিয় মিডিয়াগুলো এ সুবিধার মাধ্যমে ফেসবুকের সার্ভার ব্যবহার করে দ্রুতগতিতে সংবাদ পাঠকদের কাছে পৌঁছানোর উদ্যোগে যুক্ত হয়েছে। ফেসবুকের প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স বলেন, ‘আমরা মনে করি বর্তমানে সংবাদ সবচেয়ে দ্রুত পাঠকদের কাছে পৌঁছানোটা সবচেয়ে বেশি জরুরি। আর এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র হচ্ছে মোবাইল ফোন। তাই আমরা সংবাদমাধ্যমগুলোর জন্য এমন একটি সেবা সুবিধা চালু করতে যাচ্ছি, যার সাহায্যে মিডিয়াগুলো অতি দ্রুত নিজেদের সর্বশেষ সংবাদ পাঠকদের কাছে পৌঁছাতে পারবে।’
ফেসবুকের এ পদ্ধতিতে কতটা দ্রুত সংবাদ পড়তে পারবেন পাঠকেরা? এমন প্রশ্নে ফেসবুক জানিয়েছে, নতুন এ পদ্ধতিতে একটি মোবাইল ফোনে নতুন সংবাদ হালনাগাদ হতে সময় লাগবে মাত্র আট সেকেন্ড। এ পদ্ধতিতে সংবাদমাধ্যমগুলোর সঙ্গে আয়ের বিষয়টিও ভাগাভাগি করতে প্রস্তুত ফেসবুক। তাদের মতে, যেহেতু এটি একটি পদ্ধতি এবং এ থেকে আয়েরও বিষয় থাকছে, তাই আমরা সংবাদমাধ্যমগুলোর সঙ্গে বিজ্ঞাপনের আয় ভাগাভাগি করব। এ ক্ষেত্রে আয়ের বিষয়টি ৭০ শতাংশ সংবাদমাধ্যম প্রতিষ্ঠান এবং ৩০ শতাংশ ফেসবুক পাবে। ফেসবুকের এমন উদ্যোগ নিয়ে নানা আলোচনা চলছে। তবে সংবাদমাধ্যমের জন্য বিষয়টি ভালোই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিবিসি অবলম্বনে কাজী আলম