৮০ কোটি টাকার উদ্ভাবনী তহবিল গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের উদ্ভাবনী দক্ষতায় সহায়তা প্রদানের লক্ষ্যে ৮০ কোটি টাকার উদ্ভাবনী তহবিল বা ইনোভেশন ফান্ড গঠন করা হয়েছে।বাংলাদেশ সরকার, ইউএনডিপি ও ইউএসএআইডির সমন্বয়ে গঠিত এই তহবিল ইউএনডিপির সহায়তায় পরিচালিত হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের মাধ্যমে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমাদের মধ্যে অনেক ধরনের উদ্ভাবনী ক্ষমতা আছে। আর তাই ইনোভেশন ফান্ডের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা অনেক কিছু করতে পারবে বলে আমার বিশ্বাস।’অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, ‘একটা আইডিয়া অনেক কিছু বদলে দেয়। তবে সেই আইডিয়া প্রতিষ্ঠা করতে দরকার পড়ে পর্যাপ্ত তহবিল। তাই এই তহবিলের মাধ্যমে অনেক উদ্ভাবনী উদ্যোগ আলোর মুখ দেখবে।’ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন ট্যামেসিস বলেন, ‘আমি অনেক কম সময় হলো এ দেশে এসেছি। বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে অনেকখানি এগিয়েছে। বিভিন্ন ধরনের সরকারি সেবা এখন প্রযুক্তির মাধ্যমে কম সময়ে জনগণ পাচ্ছে। আমার বিশ্বাস, এই তহবিলের আর্থিক সহায়তার মাধ্যমে বাংলাদেশে আরও অনেক কাজ হবে। যার মাধ্যমে সোনার বাংলা প্রতিষ্ঠা পাবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটুআই প্রোগ্রামের জাতীয় প্রকল্প পরিচালক এবংতথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান। আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান, এটুআই প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ারসহ আরও অনেকে।সরকারি সেবার মান উন্নয়নে উদ্ভাবনী প্রয়াসে সহায়তা প্রদানই উদ্ভাবনী তহবিলের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকেরা। তহবিলে তিন বছরের জন্য মোট বাজেট ৮০ কোটি টাকা। এর মধ্যে চলতি বছর বরাদ্দ করা হবে ১ কোটি ৫০ লাখ টাকা। উদ্ভাবনী তহবিল থেকে ক্ষুদ্র উদ্যোগে পাঁচ লাখ টাকার কম, মাঝারি উদ্যোগে ৫ থেকে ১৫ লাখ এবং বড় উদ্যোগের জন্য ১৫ থেকে ২৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে। অনুষ্ঠানে আরও জানানো হয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, এনজিও, একাডেমি বা গবেষণা প্রতিষ্ঠান, শিক্ষার্থীরা এই তহবিলের জন্য আবেদন করতে পারবে। উদ্ভাবনী তহবিলের অর্থ বারাদ্দের জন্য যেসব বিষয়কে গুরুত্ব দেওয়া হবে তার মধ্যে আছে দরিদ্রবান্ধব সেবা প্রদান ব্যবস্থা, সেবা বিকেন্দ্রীকরণ, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ উন্নয়ন, পরিবেশবান্ধব প্রযুক্তি, স্বল্পমূল্যের প্রযুক্তি, তথ্যে প্রবেশাধিকার, বাংলাভাষা সহায়ক সফটওয়্যার ইত্যাদি। এ বছরের জন্য ৩০ জুনের মধ্যে আবেদন করতে হবে www.a2i.pmo.gov.bd ঠিকানার ওয়েবসাইটে।—হাসান ইমাম