৮০ শতাংশের বেশি মুঠোফোন ব্যবহার করে চীন
সম্প্রতি চীনের বাণিজ্য ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (এমআইআইটি) জানিয়েছে, দেশটির মোট জনসংখ্যার ৮০ শতাংশের বেশি সেলফোন ব্যবহার করে। বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশ চীনের সেলফোন ব্যবহারকারীর সংখ্যা গত বছর অর্থাৎ ২০১২ সালে ১১১ কোটি ছাড়িয়েছে। দেশটির মোট জনসংখ্যা ১৩০ কোটির বেশি। গত বছরের শেষদিকে চীনের জনসংখ্যা ছিল ১৩৫ কোটি ৪০ লাখ, ২০১১ সালের তুলনায় যা ৬৬ লাখ ৯০ হাজার জন বেশি। বর্তমানে চীনের প্রতি ১০০ জনের মধ্যে ৮২ দশমিক ৬ জন সেলফোন ব্যবহার করে। গত বছর দেশটিতে নতুন ১২ কোটি ৫৯ লাখ সেলফোন ব্যবহারকারী যোগ হয়। এর মধ্যে ১০ কোটি ৪৩ লাখ ৮০ হাজার থ্রিজি ব্যবহারকারী যোগ হয়েছে। বর্তমানে দেশটিতে থ্রিজি ব্যবহারকারীর সংখ্যা ২৩ কোটি ২৮ লাখ। সেলফোন ব্যবহারকারী বাড়ার পাশাপাশি দেশটির ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও গত বছর বেড়েছে। এমআইআইটির হিসাব অনুযায়ী, গত বছর দেশটির ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পাঁচ কোটি ১০ লাখ থেকে ৫৬ কোটি ৪০ লাখ দাঁড়িয়েছে। এর মধ্যে ৭৪ দশমিক ৫ শতাংশ বা ৪২ কোটি মানুষই সেলফোনে ইন্টারনেট ব্যবহার করে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার ৪২ দশমিক ১ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে, যা ২০১১ সালের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ বেশি। দেশটিতে সামাজিক যোগাযোগের সাইট ব্যবহারকারীর সংখ্যা ২৭ কোটি ৪০ লাখ। এই হিসাবে চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি সামাজিক যোগাযোগের সাইট ব্যবহার করে। চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (সিআইএনআইসি) এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুনে চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় ৫৩ কোটি ৮০ লাখ। কাজেই অনুমান করা হচ্ছে, আগামী ২০১৫ সালের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আরও ৮০ কোটির বেশি হবে, যা চীনের গ্রামীণ এলাকার এক-চতুর্থাংশ। —এনডিটিভি নিউজ অবলম্বনে প্রদীপ সাহা