৮০০ ফুট উঁচু ঢেউ

সমুদ্রসৈকতে অবিরাম ঢেউ আছড়ে পড়ার সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। এই ঢেউ যদি ৮০০ ফুট উঁচু হয়, তাহলে কেমন হয়। মানুষ ভয়ে হন্যে হয়ে পালাবে। হ্যাঁ, প্রশান্ত মহাসাগরের অভ্যন্তরে এমন সুউচ্চ ঢেউয়ের সন্ধান পাওয়া গেছে। গবেষকেরা এমন কথাই শুনিয়েছেন।ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের মহাসমুদ্র বিশেষজ্ঞ ম্যাথিউ অ্যালফোর্ডের নেতৃত্বে গবেষকেরা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গভীরে সমীক্ষা চালিয়ে ওই ঢেউয়ের সন্ধান পান। সংশ্লিষ্ট সমীক্ষার ফল সম্প্রতি জিওফিজিক্যাল রিসার্চ লেটারস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। উত্তর-পশ্চিম সামোয়ার একটি সরু চ্যানেলের তলদেশের দুটি উঁচু অংশ থেকে ওই ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। অংশটিকে ‘সামোয়া প্যাসেজ’ বলা হয়। এখানকার ঢেউ নিচের স্তরের ঠান্ডা ও লবণাক্ত পানিকে ওপরের উষ্ণ পানির স্তরে যেতে বাধ্য করছে। ৮০০ ফুট উঁচু ঢেউ চ্যানেলের একটি উঁচু অংশের ওপর দিয়ে অন্য অংশের ঘন পানিতে মিশে যাচ্ছে। এ জন্য প্রতিটি ঢেউ প্রায় এক ঘণ্টা সময় নেয়।
গবেষকেরা জানান, ওই বিশালকায় ঢেউয়ে কখনোই ভেসে থাকা সম্ভব নয়। তবে মহাসাগরে পুষ্টিকর পদার্থ মিশিয়ে দেওয়ার ক্ষেত্রে এসব ঢেউ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ম্যাথিউ জানান, সামোয়া প্যাসেজে শুধুই উত্তাল ঢেউ। এসব ঢেউয়ের চাপ সীমাহীন। পর্যবেক্ষণে দেখা গেছে, অ্যান্টার্কটিকা থেকে ঘন ঠান্ডা পানি প্রশান্ত মহাসাগরের অভ্যন্তরে যাচ্ছে এবং এ জন্য পানির কয়েকটি স্তরের সৃষ্টি হচ্ছে। গবেষকেরা জানান, সামোয়া প্যাসেজের ফাঁকা অংশ দিয়ে প্রতি সেকেন্ডে ৬০ লাখ ঘনমিটার পানি চলাচল করে, যা আমাজন নদীর পানির প্রায় ৩৫ গুণ। টেলিগ্রাফ।