৮১ শতাংশ অ্যান্ড্রয়েডের দখলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন
অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন

বিশ্বজুড়ে প্রথমবারের মতো গত এক বছরে ১০০ কোটি ইউনিটের বেশি অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন বিক্রি হয়েছে এবং স্মার্টফোনের বাজারের ৮১ শতাংশই গুগলের এই অপারেটিং সিস্টেমের দখলে গেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানাইলটিকস সম্প্রতি এই তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির। 

স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বজুড়ে স্মার্টফোন বাজারে আসার পরিমাণ বেড়েছিল ৩০ শতাংশ পর্যন্ত।
স্মার্টফোন বাজারের দখলদারির হিসাবে অ্যান্ড্রয়েড শীর্ষস্থান ধরে রেখেছে। স্মার্টফোন বাজারের ৮১ শতাংশ অ্যান্ড্রয়েডের দখলে। দ্বিতীয় অবস্থানটি অ্যাপলের আইওএসের। বাজারের ১৫ শতাংশ আইওএসের দখলে। বাজারের ৩ শতাংশ দখল নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মাইক্রোসফট।

স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের পরিচালক লিন্ডা সুই জানিয়েছেন, বিশ্বজুড়ে স্মার্টফোন বাজারে আসার পরিমাণ বেড়েছে। চীন ও ইন্দোনেশিয়ার মতো দ্রুত বর্ধনশীল বাজারগুলোতে স্মার্টফোন বিক্রি এ বছরেও বাড়তে থাকবে। এ বছরের শেষ প্রান্তিকে অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন বাজারে এসেছে সবচেয়ে বেশি। অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে ২৯ কোটি ১৭ লাখ ইউনিট অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন বাজারে এসেছে। ২০১৩ সালের শেষ প্রান্তিকে বাজারে এসেছিল ২২ কোটি ৭৩ লাখ ইউনিট স্মার্টফোন। ২০১৩ সালের শেষ প্রান্তিকের তুলনায় ২০১৪ সালের শেষ প্রান্তিকে আইওএস-চালিত স্মার্টফোন বেশি বিক্রি হয়েছে। ২০১৩ সালের শেষ প্রান্তিকে ৫ কোটি ১০ লাখ আইফোন বিক্রি হলেও ২০১৪ সালে ৭ কোটি ৪৫ লাখ ইউনিট আইফোন বিক্রি হয়েছে। ২০১৩ সালের শেষ প্রান্তিকে ৯৬ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছিল মাইক্রোসফট আর ২০১৪ সালে এক কোটি ১৩ লাখ ইউনিট মাইক্রোসফটের ফোন বিক্রি হয়েছে।
স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের তথ্য অনুযায়ী, সবি মিলিয়ে গত বছর সর্বমোট অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন বাজারে এসেছে ১৩০ কোটি ইউনিট, আইফোন ১৯ কোটি ২৭ লাখ ইউনিট এবং উইন্ডোজ ফোন তিন কোটি ৮৮ লাখ ইউনিট।
স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের নির্বাহী পরিচালক নেইল মাউসটন বলেন, ‘স্মার্টফোন অপারেটিং সিস্টেম হিসেবে প্রথমবারের মতো ১০০ কোটি ইউনিটের বেশি অ্যান্ড্রয়েড ফোন বিক্রির রেকর্ড হয়েছে গত বছর। ’