৮৩ শতাংশ অনলাইন পেমেন্ট সেবায় এসএসএল কমার্জ

দেশের প্রায় ৮৩ শতাংশ অনলাইন পেমেন্ট সেবা দিচ্ছে পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান এসএসএল কমার্জ। ২১ জুন রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির বার্ষিক ‘মার্চেন্ট মিটআপ’ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে এসএসএল কমার্জের গ্রাহকেরা ছাড়াও প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএসএল কমার্জের ব্যবস্থাপক আশিস চক্রবর্তী বলেন, ‘আমাদের দেশে বর্তমানে ই-কমার্স খাত বেশ ভালোভাবেই এগিয়ে চলেছে। এ ক্ষেত্রে যে সেবাটি বেশি প্রয়োজন হয়, তা হচ্ছে অনলাইন পেমেন্ট সেবা। অনলাইন পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান এসএসএল কমার্জ এই সেবা দিচ্ছে।’
প্রতিষ্ঠানটির ই-কমার্স সেবার প্রধান নাজমুস সাকেব বলেন, ‘গ্রাহকদের সর্বোচ্চ সেবার পাশাপাশি তথ্যপ্রযুক্তি-সুবিধার সঙ্গে পরিচিত করে তুলতে চাই।’
অনুষ্ঠানে এসএসএল কমার্জের ‘ইএমআই’ ও ‘কুইক পে’ নামের দুটি সেবার তথ্য জানানো হয়।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে এসএসএল কমার্জ যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির গ্রাহকসংখ্যা ৯০০।