৯ তারিখে আসবে আইফোন ৬

নয়ছয় করার অর্থটা নেতিবাচকই দাঁড়ায়। কিন্তু আইফোন ৬ বাজারে ছাড়ার দিন হিসেবে সেপ্টেম্বরের ৯ তারিখ বেছে নিয়ে নির্মাতা অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড। প্রযুক্তি দুনিয়ায় নয়ছয় হয়তো করবে না অ্যাপল, আইফোনের নতুন সংস্করণ যে আবারও ঝড় তুলবে, সে কথা আগাম বলেই দেওয়া যায়। আইফোন ৬ আসছে আইওএস ৮ অপারেটিং সিস্টেমসহ। ধারণা করা হচ্ছে, নতুন আইফোন বাজারে আসার একদিন পর অর্থাৎ ১০ সেপ্টেম্বর আইওএস ৮ উন্মুক্ত করা হবে সাধারণ ব্যবহারকারীদের জন্য। নতুন আইফোন একই সঙ্গে দুটি মডেলে আসার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি হতে পারে ৪.৭ ইঞ্চি পর্দার এবং অন্যটি হতে পারে ৫.৫ ইঞ্চি পর্দার।
নতুন আইফোন চীনেও পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে চায়না টেলিকম। এক আনুষ্ঠানিক টুইটার বার্তায় চায়না টেলিকমের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আনলকড’ সুবিধার আইফোন ৬ চীন থেকেও পাওয়া যাবে। এ ক্ষেত্রে চীনের কোনো মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বাজারে আসবে আইফোন ৬।
নতুন আইফোন যখন বাজারে আসার তারিখ প্রায় চূড়ান্ত, তার আগেই অনুষ্ঠিত হয়ে গেল আইওএস ডেভেলপার ক্যাম্প (আইওএস ডেভ ক্যাম্প) নামের প্রোগ্রামারদের সম্মেলন। অ্যাপলের মূল প্রোগ্রামারদের সম্মেলন ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারের (ডব্লিউডব্লিউডিসি) বাইরে আইওএস নিয়ে এটি সবচেয়ে বড় সম্মেলন। ২২ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইবে কার্যালয়ে শুরু হওয়া এ সম্মেলন শেষ হয় গতকাল রোববার। এবারের সম্মেলনে আইওএস ৮ নিয়েই বেশি আলোচনা হয়েছে। ছিল একাধিক হ্যাকাথনও। তবে নতুন আইফোন বাজারে আসার বিষয়টি নিয়ে যথারীতি এখনো কিছু জানায়নি অ্যাপল কর্তৃপক্ষ। অ্যাপলের নানাবিধ কার্যক্রম দেখে ৯ সেপ্টেম্বর যে নিশ্চিত, সেটি জানা গেছে। নতুন আইওএস ৮ আইফোন ৪এস, ৫, ৫সি, ৫এস এবং আইপ্যাড ২, আইপ্যাড মিনি, মিনি ২, ৫ম প্রজন্মের আইপড টাচ মডেলে ব্যবহার করা যাবে।
—আইওএস ডেভ ক্যাম্প ও টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আলম