৯ পদে রেকর্ডসংখ্যক ৪০টি মনোনয়নপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১৮-২০২০ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচনে রেকর্ডসংখ্যক মনোনয়নপত্র জমা পড়েছে। নয় সদস্যের নির্বাহী কমিটির জন্য ৪০টি মনোনয়নপত্র জমা পড়েছে। এই নির্বাচন হবে ৩১ মার্চ।

গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটা ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। সাধারণ সদস্যদের আটটি পদে ৩৪টি এবং সহযোগী সদস্যদের একটি পদের জন্য ছয়টি মনোনয়নপত্র জমা পড়েছে।

মনোনয়নপত্র জমাদানকারী ব্যক্তিদের মধ্যে রয়েছেন বেসিসের বর্তমান সভাপতি সৈয়দ আলমাস কবির, সহসভাপতি ফারহানা এ রহমান, বেসিসের সাবেক সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, জনতা ব্যাংকে সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা, ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম প্রমুখ।

মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীদের কয়েকজনের সঙ্গে কথা বলে বোঝা গেছে, এবারের নির্বাচনে তিনটি প্যানেল গঠিত হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক বেসিসের প্রার্থী প্রথম আলোকে বলেন, সৈয়দ আলমাস কবির, লুনা শামসুদ্দোহা ও মোস্তফা রফিকুল ইসলামের নেতৃত্বে তিনটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।

বেসিসের নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম কামাল বলেন, ‘এবার সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে। সবার আগ্রহ বেড়েছে। আমরা আশা করছি, ৩১ মার্চ একটি উৎসবমুখর নির্বাচন হবে।’ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৫ মার্চ।

রাহিতুল ইসলাম, ঢাকা