বাংলাদেশের তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী কার্যক্রমে আগ্রহী করে তুলতে এবং তাদের উদ্ভাবন সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের তত্ত্বাবধানে ‘ওয়ান থাউজেন্ড ইনোভেশন বাই ২০২১’ নামের প্রকল্পের যাত্রা শুরু হয়। গতকাল মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সম্মেলনকক্ষে উদ্ভাবন তহবিলের (ইনোভেশন ফান্ড) আওতায় তথ্যপ্রযুক্তি বিষয়ে উদ্ভাবনী কাজের জন্য ২০১৫-১৬ অর্থবছরের প্রথম পর্বের অনুদান এবং চেক হস্তান্তর করা হয়।
এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘২০২১ সালের মধ্যে এক হাজার নতুন পণ্য বা সেবা উদ্ভাবনে সরকার ইনোভেশন ফান্ড থেকে আর্থিক সহযোগিতা প্রদান করছে৷ আমি বিশ্বাস করি, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ থেকেই বেশ কয়েকটি দেশীয় উদ্ভাবন সারা বিশ্বে তাক লাগিয়ে দেবে৷’
চেক হস্তান্তর অনুষ্ঠানে নয়টি উদ্ভাবনী প্রকল্প অনুদান পায়। এর মধ্যে ভার্চ্যুয়াল হেলথ সার্ভিসেস: আ ক্লাউড বেজড হেলথ সার্ভিসেস নেটওয়ার্ক ফর ডেভেলপিং কান্ট্রিজ (১০ লাখ টাকা), ডিজাইনিং অ্যান ইম্পিরিক্যাল ফ্রেমওয়ার্ক টু এস্টিমেট দ্য ড্রাইভার্স অ্যাটেনশন ইন রিয়েল টাইম (১০ লাখ টাকা), হিরোজ অব ৭১: রিট্যালিয়েশন (১০ লাখ টাকা), মায়া আপা (২০ লাখ টাকা), হাটুরিয়া (১০ লাখ টাকা), ভয়েস (১০ লাখ টাকা), বিল্যান্সার (১০ লাখ টাকা), গো ট্রাফিক (৫ লাখ টাকা) এবং বিডি মার্শিয়ান-১ (৫ লাখ টাকা) প্রকল্পগুলোকে সব মিলিয়ে ৯০ লাখ টাকার চেক দেওয়া হয়৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদসহ অনেকে৷