৯ মার্চ থেকে ঢাকায় বিসিএসের ডিজিটাল মেলা
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৯ থেকে ১৩ মার্চ ডিজিটাল মেলার আয়োজন করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। বিসিএস ডিজিটাল এক্সপো ২০১১ নামের এ মেলার মূল বিষয় হচ্ছে ‘নতুন প্রজন্মের জন্য ডিজিটাল বাংলাদেশ’। মেলার আগে গতকাল মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য হচ্ছে একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। এই প্রক্রিয়ার সঙ্গে জনগণকে সম্পৃক্ত করার একটি প্রয়াস হচ্ছে এই মেলার অন্যতম লক্ষ্য।’ বিসিএসের মহাসচিব মজিবুর রহমান স্বপন বলেন, ‘এবারের মেলায় তিনটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, মেলাটি হবে বর্ণিল, শিক্ষামূলক ও ব্যবসাবান্ধব।’সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় দেশি-বিদেশি ৬৬টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বশেষ প্রযুক্তিপণ্য প্রদর্শন করা হবে। মেলায় প্রতিদিন প্রযুক্তিকেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হবে। প্রতিদিনই অনুষ্ঠিত হবে তথ্যপ্রযুক্তি পণ্যের বিভিন্ন প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা। বয়সভিত্তিক তিনটি গ্রুপে স্কুলের শিক্ষার্থীদের জন্য থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে এবারের মেলায় বড় পর্দায় ক্রিকেট খেলা দেখার ব্যবস্থা করা হবে ও সেখানে বিভিন্ন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং পুরস্কার হিসেবে থাকবে ক্রিকেট খেলার বিভিন্ন সামগ্রী। মেলায় প্রবেশমূল্য ২০ টাকা। তবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। —মোছাব্বের হোসেন