
৯ সেপ্টেম্বর অ্যাপলের বড় আয়োজনের আনুষ্ঠানিক দাওয়াতপত্র পাঠানো হয়েছে আমন্ত্রিত অতিথিদের। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দুই হাজার ৪০০ সিটের এক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা যোগ দিতে পারবেন। তবে আমন্ত্রণপত্রে তারিখ ছাড়া আয়োজনের বিস্তারিত কোনো তথ্য নেই। তারিখের বাইরে দাওয়াতপত্রে লেখা রয়েছে, ‘হোয়াট উইল দ্য কোম্পানি আনভিল?’ তবে ধারণা করা হচ্ছে, এ আয়োজনটিতেই দেওয়া হবে নতুন আইফোন বাজারে আসার ঘোষণা। এ ছাড়া লেখা রয়েছে ‘উইশ উই কুড সে মোর’। নতুন আইফোন কেমন হবে, এ নিয়ে বিস্তর গবেষণা চলছে। তবে কয়েক মাস ধরেই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী আইফোন ৬ আসছে ৪.৭ এবং ৫.৫ ইঞ্চি পর্দায়। এ ধারণা করা হচ্ছে, কারণ এর আগে অ্যাপল আইফোন ৫এস এবং ৫সি মডেল বাজারে এনেছিল ৪ ইঞ্চি পর্দার। তা ছাড়া সাম্প্রতিক সময়ে স্যামসাং এবং এইচটিসি বড় পর্দার স্মার্টফোন বাজারে নিয়ে আসায় পর্দার সাইজ কেমন হবে, সেটি আলোচিত হচ্ছে। নতুন এ আইফোনকে আইওয়ালেট সুবিধাযুক্ত করা হচ্ছে বলেও জানা গেছে। আইফোন ৬ ছাড়া নতুন আইওয়াচের ঘোষণাও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইফোন ৬ আসছে আইওএস ৮ অপারেটিং সিস্টেমসহ। নতুন আইফোন বাজারে আসার এক দিন পর অর্থাৎ ১০ সেপ্টেম্বর আইওএস ৮ উন্মুক্ত করা হবে সাধারণ ব্যবহারকারীদের জন্য। নতুন আইওএস ৮ আইফোন ৪এস, ৫, ৫সি, ৫এস এবং আইপ্যাড ২, আইপ্যাড মিনি, মিনি ২, ৫ম প্রজন্মের আইপড টাচ মডেলে ব্যবহার করা যাবে।
—সিএনএন ও বিজনেস ইনসাইডার অবলম্বনে কাজী আলম