
যেখানে মাত্র ১৫ থেকে ২০ মিনিট সময় ব্যয় করলে আমরা একজন মানুষের জীবন বাঁচাতে পারি, কেবল অনীহার কারণে আমাদের অনেকেরই এক ব্যাগ রক্ত দেওয়া হয়ে ওঠে না। অথচ আমাদের আশপাশেই এমন কিছু মানুষ আছেন, যাঁরা জীবনভর স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে অনেক মানুষকে বাঁচিয়ে তুলতে সাহায্য করেছেন। খুলনার বটিয়াঘাটার মোহাম্মদ জাকারিয়া বিশ্বাস তেমনই একজন মহৎ হূদয়ের মানুষ। ২৭ বছর ধরে ‘৯০ বার’ রক্ত দিয়েছেন পরোপকারী এই মানুষটি। শুরু সেই ১৯৮৬ সাল থেকে। ট্রাক দুর্ঘটনায় আক্রান্ত এক মুমূর্ষু ব্যক্তিকে রক্ত দিতে গিয়ে সেই যে অনুপ্রেরণা পেলেন, তার পর থেকে প্রতি সুযোগেই রক্তদান করেছেন তিনি। চার ভাই ও চার বোনের সংসারে বেশি দূর পড়াশোনা করার সুযোগ হয়নি তাঁর। কিন্তু ‘মানুষের জন্য মানুষ’ এই দীক্ষায় দীক্ষিত যে প্রাণ, তাঁকে আটকায় কার সাধ্য! ইতিমধ্যে সর্বোচ্চ রক্তদানকারী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন সম্মাননা।
৯০ বার রক্ত দিয়েও সন্তুষ্ট নন তিনি। বরং জীবনের ৫৭টি বছর কাটিয়ে আসার পরও এখনো নিজেকে অনেক সুস্থ ও আত্মবিশ্বাসী মনে করেন তিনি। আরও তিন-চারটি বছর রক্ত দিয়ে সংখ্যাটিকে ১০০-এর ঘরে নিয়ে যেতে চান। গড়তে চান রেকর্ড।
শুধু রক্তদানই নয়, খুলনায় সন্ধানীর শুরুর দিকে সংগঠনটির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে জাকারিয়া বিশ্বাসের। খুলনার জেকেএজি মাধ্যমিক বিদ্যালয়ের একজন কর্মচারী হিসেবে সম্প্রতি অবসর নিয়েছেন তিনি। বর্তমানে ব্যস্ত আছেন ‘জাকারিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার কাজে, যে প্রতিষ্ঠানের কাজ হবে রক্ত পরীক্ষা, ওষুধ বিতরণ, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, পানির কল স্থাপনসহ বিভিন্ন সমাজহিতকর কর্মকাণ্ড পরিচালনা করা।
প্রথম জীবনে রাজমিস্ত্রির কাজের মতো কঠোর পরিশ্রম করতে হয়েছে জাকারিয়া বিশ্বাসকে। তবু মানুষের বিপদে সব সময় এগিয়ে এসেছেন। এই মহান মানুষটি স্বপ্ন দেখেন তরুণদের নিয়ে। তাঁর প্রত্যাশা, তরুণেরা মাদক থেকে সম্পূর্ণ দূরে থাকবে, আর সাহায্য করবে এই দেশটাকে আরও সুন্দর করে গড়ে তুলতে। এ লক্ষ্যেই সারা জীবন তরুণদের নিয়েই কাজ করে যেতে চান এই চিরতরুণ মানুষটি।
রক্তদানের উপকারিতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক সালেক বলেন, ‘যেকোনো সুস্থ মানুষ রক্ত দিতে পারবে। তবে ৬০ বছরের পর একজন মানুষের শারীরিক অবস্থা আগের মতো থাকে না বলে এই বয়স পর্যন্ত রক্তদানে উৎসাহিত করা হয়। আগে বলা হতো, চার মাস পর পর একজন রক্ত দিতে পারেন নিয়মিত, কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে, প্রতি তিন মাস পর পরও একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারেন। চিকিৎসক সালেকও স্বেচ্ছা রক্তদানে একজন সামনের সারির মানুষ। তিনি ও তাঁর স্ত্রী মিলে ১০০ বার রক্ত দিয়ে রেকর্ড গড়েছেন।