৯০ লাখ ওয়েবসাইটে ব্যবহৃত হচ্ছে ক্রিয়েটিভ কমন্স

ইন্টারনেটে মুক্ত প্রোগ্রামিং সংকেতভিত্তিক (সোর্সকোড) কাজের লাইসেন্স বিষয়ের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ক্রিয়েটিভ কমন্স (সিসি) এক যুগ পূর্ণ করেছে। ২০০২ সালের ১৬ ডিসেম্বর প্রথম সিসি লাইসেন্স ছাড়া হয়। বর্তমানে প্রায় ৯০ লাখ ওয়েবসাইটে ব্যবহৃত হচ্ছে সিসি লাইসেন্স।
সেন্টার ফর দ্য পাবলিক ডোমেইনের সহায়তায় প্রতিষ্ঠিত সিসির তিন সহপ্রতিষ্ঠাতা হলেন লরেন্স লেসিগ, হাল অ্যাবেলসন ও এরিক ইলডার্ড। এ লাইসেন্স ওয়েবে থাকা ৮২ কোটি ২ লাখ বিষয়বস্তুতে (কনটেন্ট) ব্যবহৃত হচ্ছে। ২০০৬ সালে যা ছিল পাঁচ কোটি ও ২০১০ সালে ছিল ৪০ কোটি। সবচেয়ে বেশি ব্যবহৃত লাইসেন্স হচ্ছে ‘শেয়ার এ লাইক’ পদ্ধতিতে। এ লাইসেন্সের আওতায় কোনো ধরনের বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া এ লাইসেন্সভুক্ত সেবা ব্যবহার করা যাবে এবং অবশ্যই তথ্যসূত্র উল্লেখ করতে হবে। এ লাইসেন্স পদ্ধতিটি মুক্ত কনটেন্ট, উন্মুক্ত ছবি ইত্যাদিতে বেশি ব্যবহৃত হয়। প্রায় ৩৩ শতাংশই সিসি লাইসেন্স এ পদ্ধতিতে ব্যবহৃত হয়।
এখন পর্যন্ত সিসি লাইসেন্স সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে উত্তর আমেরিকায়। এখানে সিসি লাইসেন্স ব্যবহারের হার ৩৭ শতাংশ। এ ছাড়া ইউরোপে ৩৪ শতাংশ, এশিয়া-প্যাসিফিকে ১৬, লাতিন আমেরিকায় ১০, আরব বিশ্বে ২ ও আফ্রিকায় ১ শতাংশ সিসি লাইসেন্স ব্যবহৃত হচ্ছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় ৩ কোটি ৪ লাখ নিবন্ধে, ছবি শেয়ারের ওয়েবসাইট ফ্লিকারে ৩০ কোটি ৭ লাখ, ভিডিও দেখার সাইট ইউটিউবে এক কোটি ভিডিও এবং ডকুমেন্ট সংরক্ষণের সাইট স্ক্রিবডে পাঁচ কোটি তথ্য সিসি লাইসেন্সের আওতায় রয়েছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, চীন, স্লোভেনিয়া, ভারত, পোল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মরিশাস, দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনায় সিসি লাইসেন্সের আওতায় মুক্ত শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। এর ফলে এসব দেশের শিক্ষার্থীরা ওপেন বুক সেবা পাবে, যাতে তাদের বই কেনা বাবদ প্রায় ১০ কোটি ডলার অর্থ বাঁচবে।
ক্রিয়েটিভ কমন্সের সহপ্রতিষ্ঠাতা এক বার্তায় বলেছেন, ‘১২ বছর আগে আমরা প্রথম সিসি লাইসেন্স প্রকাশ করি। আজ প্রাত্যহিক জীবনের কাজে লাগে এমন নানা বিষয়ে যুক্ত আছে সিসি, যা মানুষকে নানাভাবে সহায়তা করছে।’ এক যুগপূর্তি উপলক্ষে সিসির নানা তথ্য প্রকাশ করা হয়েছে। বিস্তারিত: https://stateof.creativecommons.org।
—ক্রিয়েটিভ কমন্স ডট অর্গ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী