৯৯ দিন ফেসবুকহীন, পারবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুক ছাড়া থাকার গবেষণা
ফেসবুক ছাড়া থাকার গবেষণা

ফেসবুক ব্যবহার ছেড়ে দিতে বললে অনেকেই বলে বসবেন এ আর এমন কী! কিন্তু বাস্তবে তিন মাস ফেসবুক ব্যবহার না করে কি কেউ থাকতে পারবেন?
সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীদের কাছে এমনই একটি চ্যালেঞ্জ ছুুড়ে দিয়েছে নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠান। এই চ্যালেঞ্জ গ্রহণ করলে ফেসবুক ব্যবহারকারীকে ৯৯ দিনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাত্ এই ৯৯ দিন ফেসবুক থেকে দূরে থাকতে হবে।
নেদারল্যান্ডসের লাইডেনের জাস্ট নামের একটি ক্রিয়েটিভ এজেন্সি এই কর্মসূচিটি হাতে নিয়েছে। এই কর্মসূচির স্লোগান হচ্ছে ‘৯৯ ডেইজ অব ফ্রিডম’।
অনুমতি ছাড়া ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করে বিতর্কিত মুড পরীক্ষার বিপরীতে জাস্ট এই পরীক্ষা করার পরিকল্পনা করেছে বলে তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। সম্প্রতি অস্বচ্ছ গবেষণার বিতর্কিত মুড পরীক্ষা করে সমালোচনার মুখে পড়ে ফেসবুক। ফেসবুকের বিতর্কিত পরীক্ষার সময় ব্যবহারকারীদের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করেনি প্রতিষ্ঠানটি। ২০১২ সালে ব্যবহারকারীদের না জানিয়ে তাঁদের তথ্য নিয়ে ফেসবুকের আবেগ নিয়ন্ত্রণ-সংক্রান্ত গবেষণার জন্য বর্তমানে সমালোচনা করছেন বিভিন্ন মহলের মানুষ। সম্প্রতি এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে। কয়েকটি দেশের প্রাইভেসি-বিষয়ক কর্মী ও নিয়ন্ত্রক সংস্থাগুলো অভিযোগ করেছে যে ফেসবুক ব্যবহারকারীদের নিউজ ফিড পরিবর্তন করে দিয়ে মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করেছে।

জাস্টের ‘৯৯ ডেইজ অব ফ্রিডম’ নামের এই পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে ফেসবুক ছাড়া মানুষ সুখী হতে পারে কি না, তা পরীক্ষা করে দেখা। ফেসবুক থেকে দূরে সরে গিয়ে মানুষের মধ্যে কী ধরনের প্রভাব পড়ে—জাস্টের পরীক্ষায় তা দেখা হবে।

বর্তমানে ১২০ কোটিরও বেশি ব্যবহারকারীর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে একজন ব্যবহারকারী গড়ে প্রতিদিন ১৭ মিনিট করে সময় কাটান। এ সময় তিনি ফেসবুকে বিভিন্ন আপডেট, লিংক ফলো করা, ছবি দেখার মতো বিভিন্ন কাজে আটকে থাকেন।

জাস্টের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রায় সাত লাখ ব্যবহারকারীর অজ্ঞাতে ফেসবুকের বিতর্কিত মুড পরীক্ষার জবাবে আমরা ‘৯৯ ডেইজ অব ফ্রিডম’ নামের অনলাইন গবেষণা করতে যাচ্ছি, যাতে ব্যবহারকারীর ওপর ফেসবুকের প্রভাব কতখানি, তা খতিয়ে দেখা হবে।

এই গবেষণায় নিজেকে অন্তর্ভুক্ত করার পদ্ধতিটি বেশ সহজ। এ জন্য তিনটি ধাপ পূরণ করা লাগবে। তারপর যত দিন খুশি তত দিন ফেসবুক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন ব্যবহারকারী। এই চ্যালেঞ্জ নিতে ব্যবহারকারীকে প্রথমে যেতে হবে ‘৯৯ ডেইজ অব ফ্রিডম’ (http://99daysoffreedom.com/) ওয়েবসাইটে। এখান থেকে তিনটি ধাপ পূরণ করতে হবে। জাস্ট কর্তৃপক্ষ দাবি করেছে, এই গবেষণায় অংশ নিলে ফেসবুক ব্যবহারকারী ৯৯ দিনে গড়ে ২৮ ঘণ্টা সময় বাঁচাতে পারবেন। এ ছাড়া ব্যবহারকারীদের ইতিবাচক ব্যক্তিগত অভিজ্ঞতা হবে। এ ছাড়া ৯৯ দিন পর এই গবেষণার ফলও জানা যাবে।

জাস্ট কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে প্রাইভেসি, বিজ্ঞাপন কর্মসূচি ও নিউজ ফিডে পরিবর্তন আনায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হচ্ছে ফেসবুককে। ‘৯৯ ডেইজ অব ফ্রিডম’ অবশ্য ফেসবুকের বিরুদ্ধে কোনো কর্মসূচি নয় বরং এটি সামাজিক পরীক্ষা।