‘আগে মুঠোফোনে শুধু বন্ধুদের সঙ্গে কথা বলতাম আর গেম খেলতাম।...তথ্যপ্রযুক্তির বিষয়ে অনেক কিছুই জানতাম না। আজ ইন্টারনেট উৎসবে এসে মনে হচ্ছে, যেন অন্ধকার জগৎ থেকে আধুনিক তথ্যপ্রযুক্তির আলোর জগতে প্রবেশ করলাম।’গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে যোগ দিয়ে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করল শিক্ষার্থী আনিকা আফরিন। সে শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। ‘এসো পৃথিবীর পাঠশালায়...’ স্কুল-কলেজের শিক্ষার্থীদের এ আহ্বান জানিয়ে দ্বিতীয়বারের মতো গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব শুরু হয়েছে গত ১৩ সেপ্টেম্বর। গতকাল রোববার শেরপুর সরকারি কলেজ এবং কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে এ উৎসব হয়।সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ইন্টারনেটের ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। পরে নিবন্ধন করা শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিতদের নিয়ে শুরু হয় আই-জিনিয়াস প্রতিযোগিতা। প্রতিযোগিতায় নির্বাচিত আই-জিনিয়াস পায় পদক ও প্রথম আলোর উপহার। উৎসবের কেন্দ্রপ্রধানকে দেওয়া হয় একটি ঘড়ি ও প্রথম আলোর মগ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা। উৎসবস্থলে ছিল হ্যাপিনেস মেশিন, ম্যাজিক মিরর, এক্সপেরিয়েন্স জোনসহ মজার মজার উপকরণ। কুষ্টিয়া: উৎসবের উদ্বোধন করেন পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক আবুল কালাম আজাদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ইন্টারনেট ব্যবহারে দুটি দিক আছে, একটি ভালো, আরেকটা মন্দ। তোমরা ভালোর দিকে এগিয়ে যাও।’ শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিয়াকত আলী। তিনি বলেন, ‘এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য গ্রামীণফোন ও প্রথম আলোকে অনেক ধন্যবাদ। আর এই প্রতিষ্ঠানে অনুষ্ঠান করায় আমি গর্বিত।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেঞ্চদ, গ্রামীণফোনের কুষ্টিয়া আঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আরিফুর রহমান ও প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুষ্টিয়া বন্ধুসভার ইমাম মেহেদী। উৎসবে কুষ্টিয়ার নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। এগুলো হচ্ছে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুষ্টিয়া সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়, ইসলামিয়া কলেজ, বারখাদা মাধ্যমিক বিদ্যালয় এবং আমলা সদরপুর হাইস্কুল। উৎসবের জন্য নিবন্ধিত শিক্ষার্থী ছিল ১৫৫ জন। তাদের মধ্যে ৫০ জন চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। আই-জিনিয়াস নির্বাচিত হয় পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র রাকিবুল ইসলাম। শেরপুর: উৎসব উদ্বোধনের পর শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুল গনি। তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশ্ব আজ অনেক দূর এগিয়ে গেছে। তথ্যপ্রযুক্তির ইতিবাচক ব্যবহারে নতুন প্রজন্ম নিজেদের আলোকিত মানুষ এবং আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে পারে।’আরও বক্তব্য দেন গ্রামীণফোনের ময়মনসিংহ অঞ্চলের ব্যবস্থাপক আবদুল্লাহ মামুন, প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর বন্ধুসভার সভাপতি মলয় চাকী ও সাধারণ সম্পাদক আনোয়ারুল সাদাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বন্ধুসভার নাহিদ মণ্ডল ও ইমরোজ সোহেল। উৎসবে অংশ নেয় শেরপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি ভিক্টোরিয়া একাডেমী, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, দিশা প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুল, আইডিয়াল প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুল, নবারুণ পাবলিক হাইস্কুল, মুকুল একাডেমী, আইডিয়াল ইস্কুল এবং শহীদ আবদুর রশীদ কমার্স কলেজের শিক্ষার্থীরা। নিবন্ধন করা ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৫০ জন আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেয়। আই-জিনিয়াস নির্বাচিত হয় শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সাদমান সাকিব। আজ উৎসব পাঁচ জায়গায়: আজ মঙ্গলবার ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, হবিগঞ্জের বিকেজিসি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, শেরপুরের নালিতাবাড়ীর তারাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় এবং ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ে ইন্টারনেট উৎসব হবে।