রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর জন্য অর্থমন্ত্রী পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েও তা আড়াল করেছেন। সাধারণ মানুষের আমানতের টাকা আত্মসাতের কারণে মূলধনের এই ঘাটতি তৈরি হয়েছে। এখন পর্যন্ত একটি ঘটনায়ও কারও শাস্তি হয়নি। এ বিষয়ে জনৈক বিশেষজ্ঞের সঙ্গে কথা হয়েছে রস+আলোর। সেই কথোপকথনের কিছু অংশ তুলে ধরা হলো পাঠকদের জন্য।
রস+আলো: জনগণের করের টাকায় আবারও রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক বাঁচানোর চেষ্টা করছে সরকার। এ ব্যাপারে আপনার মন্তব্য কী?
জনৈক বিশেষজ্ঞ: আব্রাহাম লিংকন বলেছেন, ‘জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার এবং জনগণের জন্য সরকার।’ সবকিছুর উৎস যখন জনগণ, তখন জনগণের করের টাকায় সরকার ব্যাংক বাঁচানোর চেষ্টা করবে, এটাই তো স্বাভাবিক!
র.আ.: হাজার হাজার কোটি টাকা আত্মসাতের সঙ্গে জড়িত হোতাদের যথাযথ বিচারের মুখোমুখি করা উচিত বলে আপনি মনে করেন কি?
জ.বি.: না! অর্থ আত্মসাৎকারীদের শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত!
র.আ.: কেন?
জ.বি.: দেখুন, দেশে বেকারত্বের হার বাড়ছে। অথচ সরকার ক্রমবর্ধমান বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের যথাযথ সুযোগ সৃষ্টি করতে অক্ষম। দেশের এই পরিস্থিতিতে বাংলার হাতেম তাইরূপী অর্থ আত্মসাৎকারীরা গোপনে ব্যাংক থেকে টাকা নিয়ে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে শুরু করে গবাদিপশুর খামার পর্যন্ত গড়ে তুলছে। এবং এর ফলে নীরবে বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। অথচ তাদের এই প্রচারবিমুখ মহৎ কাজ মিডিয়ায় আসছে নেতিবাচকভাবে! তাই বেকারত্ব দূরীকরণে এসব মহৎ উদ্যোগের জন্য অর্থ আত্মসাৎকারীদের শাস্তি নয়, নোবেল পুরস্কারই প্রাপ্য! এখন বুঝছেন?
র.আ.: বুঝেছি। তাই তো বলি অর্থ আত্মসাৎকারীদের শাস্তি হচ্ছে না কেন! মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ!