‘আইকার’ তৈরির স্বপ্ন ছিল জবসের
অ্যাপল প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবসের স্বপ্ন ছিল ‘আইকার’ নামে একটি গাড়ির নকশা করা। ২০১১ সালে মৃত্যুর আগে তিনি তাঁর এই ইচ্ছার কথা বলেছিলেন। বিভিন্ন ডিভাইসে অভিনব নকশা ও প্রযুক্তির পরিচয় করিয়ে দেওয়া স্টিভ জবস অ্যাপলকে গাড়ির ব্যবসায় নিয়ে যেতে চেয়েছিলেন। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসি ম্যাগ জানিয়েছে, সম্প্রতি অ্যাপলের পরিচালনা পর্ষদের সদস্য ও জে ক্রু নামে একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মাইকি ড্রেক্সলার এ তথ্য জানিয়েছেন। ফার্স্ট কোম্পানি আয়োজিত ইনোভেশন আনসেন্সরড কনফারেন্সে ড্রেক্সলার বলেন, ‘আমেরিকাতে গাড়ি শিল্প এখন ট্র্যাজেডি। এসব গাড়ির নকশাবিদ কারা? স্টিভ জবস মৃত্যুর আগে ‘আইকার’-এর নকশা করতে চেয়েছিলেন।উল্লেখ্য, আইকারের নকশায় আগ্রহী থাকলেও জবসের ব্যবহূত গাড়িটি ছিল সিলভার ২০০৭ মার্সিডিজ-বেঞ্জ এসএল ৫৫ এএমজি।ড্রেক্সলার সাক্ষাত্কারে আরও বলেছেন, স্টিভ জবস যে বিষয়গুলোর নকশা নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন তাঁর মধ্যে একটি পণ্য শিগগিরই বাজারে ছাড়বে অ্যাপল। এদিকে ফক্সকনের চেয়ারম্যান সম্প্রতি নিশ্চিত করেছেন অ্যাপল তাঁর কারখানায় অ্যালুমিনিয়ামের তৈরি ‘আইটিভি’ তৈরির অর্ডার দিয়েছে। প্রযুক্তিবিদেরা ধারণা করছেন, শিগগিরই হয়তো অ্যাপলের তৈরি টিভি বাজারে আসতে পারে। তবে অ্যাপল স্টিভ জবসের আগ্রহের ‘আইকার’ তৈরি করবে কি না, তার কোনো ইঙ্গিত দেননি অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী টিম কুক।