'আন্তর্জাতিক টেলি কমিউনিকেশন অ্যাওয়ার্ড' পেল প্রধানমন্ত্রীর কার্যালয়

‘আন্তর্জাতিক টেলি কমিউনিকেশন অ্যাওয়ার্ড’ জিতেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ই-গভর্নমেন্ট প্রযুক্তিতে দক্ষতা দেখানোর জন্য এই পুরস্কার দেওয়া হয়।
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা দেড়টায় সুইজারল্যান্ডের জেনেভায় এ পুরস্কার গ্রহণ করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তাঁর ফেসবুক স্ট্যটাসে তিনি এই পুরস্কার পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
‘ই-সেবায় অনন্য ভূমিকা রাখায় ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস)’ ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়। এই বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের দেড় শতাধিক প্রকল্পকে মনোনীত করা হয়েছিল। এর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালিত অ্যাকসেস টু ইনফরমেশন বা এটুআই কর্মসূচির ‘সার্ভিস অ্যাট সিটিজেন ডোরস্টেপস’ প্রকল্প এই সম্মাননা পায়।
অ্যাওয়ার্ড গ্রহণের সময় এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং বাংলাদেশের জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহকারী পরিচালক কে এম মোরশেদ উপস্থিত ছিলেন।