'আমরা' হয়ে গেল 'উই'
নিজেদের স্মার্টফোনের নাম পরিবর্তন করেছে আমরা কোম্পানিজ। এখন থেকে প্রতিষ্ঠানটি ‘উই’ নামে ফোন বাজারজাত করবে। ‘মোর দ্যান আ ফোন’ স্লোগান নিয়ে গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে পাঁচটি নতুন উই ফোন বাজারে ছাড়া হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ‘উই’ স্মার্টফোন প্যাকেজের মধ্যে রয়েছে ক্লাউডে ১০০ গিগাবাইট পর্যন্ত জায়গা এবং দেশের ৫০০-এরও বেশি জায়গায় বিনা মূল্যে ওয়াই-ফাই ব্যবহারের সুবিধা। উই স্মার্টফোন বাজারে ৪ হাজার ২৫০ থেকে শুরু করে ১৮ হাজার ৬০০ টাকার মধ্যে পাওয়া যাবে। উইয়ের এক্স ওয়ান, বি ওয়ান, আর ওয়ান, এল ওয়ান ও ভি ওয়ান—এই পাঁচ মডেল আজ রোববার থেকে দেশের বাজারে পাওয়া যাবে।
আমরা কোম্পানিজ এর আগে বাংলা শব্দ ‘আমরা’ নামে স্মার্টফোন বাজারজাত করে আসছিল। ফোনের ব্র্যান্ড নাম হিসেবে ‘আমরা’র ইংরেজি শব্দ ‘উই’ কেন বেছে নেওয়া হলো, সে ব্যাপারে আমরা কোম্পানিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্তেখাব মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আসলে যে প্রযুক্তি নিয়ে আমরা কাজ করছি, তাতে বাংলা নামটা যায় না। আমাদের এই প্রযুক্তির জন্য দরকার একটি ইংরেজি নাম। আমাদের করা একটি জরিপ প্রতিবেদনে দেখা গেছে, “আমরা” নামের স্মার্টফোনটি ভালোভাবে বাজার ধরতে পারছে না। তাই আমাদের নাম পরিবর্তনের এমন উদ্যোগ। এর আগে স্মার্টফোনটি বাজারে আনুষ্ঠানিকভাবে ছাড়িনি। বাজারে পরীক্ষামূলকভাবে স্মার্টফোন ছাড়া হয়েছিল। উই স্মার্টফোন আমরা আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়লাম।’
অনুষ্ঠানে আমরা কোম্পানিজের পরিবেশকসহ অনেকে উপস্থিত ছিলেন।