'আমি উপজেলা নির্বাহী অফিসার, ঝিনাইগাতী বলছি'
‘আমি উপজেলা নির্বাহী অফিসার, ঝিনাইগাতী বলছি। আপনার এলাকার কোনো সমস্যা অথবা ঝিনাইগাতী উপজেলার উন্নয়নসংক্রান্ত যেকোনো পরামর্শ আপনারা ফেসবুকের এই আইডির মাধ্যমে আমাকে জানাতে পারেন।...’ গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এভাবেই শুরু হয় একটি স্ট্যাটাস। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্থানীয় সমস্যার সমাধান ও উন্নয়ন কার্যক্রমে পরামর্শ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম শরীফ হোসেন এ স্ট্যাটাসটি দেন।
‘ইউএনও ঝিনাইগাতী শেরপুর’ শিরোনামের ফেসবুক প্রোফাইলটি ইউএনও নিজেই চালান। এ ব্যাপারে প্রথম আলোকে তিনি বলেন, তথ্যপ্রযুক্তির এ যুগে ফেসবুক জনপ্রিয় ও সহজলভ্য যোগাযোগমাধ্যম। ঝিনাইগাতী উপজেলার অনেকেই এখন ফেসবুকে সংযুক্ত। তাই সবার সঙ্গে যুক্ত থাকার জন্য এবং সমস্যার কথা জানতে, পরামর্শ পেতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউএনও তাঁর স্ট্যাটাসে আরও যা লিখেছেন, ‘...আমি সরাসরি আপনাদের সাথে যুক্ত থাকব এবং সমস্যা সমাধানের উদ্যোগ নেব ইনশা আল্লাহ। সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহমুক্ত ঝিনাইগাতী গড়ার জন্য আমরা বদ্ধপরিকর। আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।’
দেবাশীষ সাহা রায়, শেরপুর প্রতিনিধি