‘শুধু পৃথিবী নয়, অন্য কোনো গ্রহ, অন্য কোনো বিশ্ব ভ্রমণে ইন্টারনেটের জাহাজে চড়েছি। ইন্টারনেটের কারণে আমি এখন বিশ্বনাগরিক, আমার কোনো সীমান্ত নেই।’এই ‘বিশ্বনাগরিক’ হলো কিশোরগঞ্জ এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ফাবিয়া আজিজ। গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হওয়ার পর গতকাল রোববার এভাবেই প্রতিক্রিয়া জানায় সে। ফাবিয়ার ভাষ্যমতে, ইন্টারনেটে বেশি সময় কাটানোয় তার মা অনেক বকা দিতেন। কিন্তু আই-জিনিয়াস নির্বাচিত হওয়ায় এখন তিনি খুব খুশি হবেন।‘এসো পৃথিবীর পাঠশালায়...’ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আহ্বান জানিয়ে গতকাল ইন্টারনেট উৎসবটি হয় কিশোরগঞ্জ এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে। এ ছাড়া গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়, জয়পুরহাটের কালাই উপজেলার কালাই মহিলা ডিগ্রি কলেজ ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল ডিগ্রি কলেজে উৎসব হয়।সকালে প্রতিটি কেন্দ্রে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসব শুরু হয়। এরপর ইন্টারনেটের ইতিবাচক ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। প্রতিটি কেন্দ্রে নিবন্ধন করা শিক্ষার্থীদের মধ্যে ১০ জনকে আই-জিনিয়াস প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়। ওই ১০ জনকে দেওয়া হয় ক্রেস্ট। ওই ১০ জনের মধ্যে সেরা আই-জিনিয়াস পায় মেডেল ও প্রথম আলোর উপহার। উৎসবের কেন্দ্রপ্রধানকে দেওয়া হয় একটি ঘড়ি ও প্রথম আলোর মগ।যেসব শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি তাদের জন্য ছিল মজার মজার উপকরণ। এর মধ্যে হ্যাপিনেস মেশিন, ম্যাজিক মিরর ও এক্সপেরিয়েন্স জোন সবচেয়ে বেশি উপভোগ করে শিক্ষার্থীরা। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: কিশোরগঞ্জ: শহরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী উৎসবে যোগ দেয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো: কিশোরগঞ্জ এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, পৌর মহিলা কলেজ, ওয়ালী নেওয়াজ খান কলেজ, কিশোরগঞ্জ মডেল কলেজ, সরকারি উচ্চ বালক বিদ্যালয়, আজিম উদ্দীন উচ্চবিদ্যালয়, আরজত আতরজান উচ্চবিদ্যালয়, হাসমত উদ্দীন উচ্চবিদ্যালয়, জেলা সরণি উচ্চবিদ্যালয়, কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।উৎসব উদ্বোধন করেন এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর। শপথবাক্য পাঠ করান কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী। বক্তব্য দেন পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরিফ সাদী, ওয়ালী নেওয়াজ খান কলেজের পরিচালনা পর্ষদের সদস্য বাদল রহমান, গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক মো. শহীদ উল্লাহ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সাইফুল হক মোল্লা, কিশোরগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. জুলহাস উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক রাখী গোপাল দেবনাথ।উৎসবের কথা জেনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরিদর্শন করতে আসেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা। এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের বলেন, ‘পরিবর্তিত বিশ্বে ইন্টারনেটের বিকল্প নেই। এমন সুন্দর আয়োজনের প্রশংসা না করে পারছি না।’শ্রীমঙ্গল: ‘আমার হাতের মুঠোয় পৃথিবীর সব তথ্য লুকিয়ে আছে। শুধু খুঁজে নিতে হবে। উৎসবে যোগ দিয়ে এটা জানলাম। ধন্যবাদ গ্রামীণফোন। ধন্যবাদ প্রথম আলো।’ আই-জিনিয়াস নির্বাচিত হওয়ার পর উচ্ছ্বসিত মোহাম্মদ সানি এভাবেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করে। সানি শ্রীমঙ্গল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী।আই-জিনিয়াস প্রতিযোগিতার আগে উৎসবের উদ্বোধন ও শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির সবগুলো জানালা তোমাদের সামনে খোলা। তোমরা শুধু ভালোটা গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করবে।’ অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক আকবর কবির মো. নিয়ামুল হুদা, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, শিক্ষাবিদ সাইয়্যিদ মুজীবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, প্রথম আলোর শ্রীমঙ্গল প্রতিনিধি বিশ্বজ্যোতি চৌধুরী ও বন্ধুসভার সভাপতি মো. কাওছার ইকবাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্য মুন্সী আবদুল কাদির ও গ্রামীণফোনের বিশ্বজিৎ দাশ গুপ্ত। উৎসবে শ্রীমঙ্গলের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক যোগ দেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে: ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়, বিটিআরআই উচ্চবিদ্যালয়, বর্ডার গার্ড পাবলিক উচ্চবিদ্যালয়, শ্রীমঙ্গল রেসিডেনসিয়াল মডেল গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ কলেজ, উদয়ন বালিকা উচ্চবিদ্যালয়, মনাই উল্লাহ উচ্চবিদ্যালয়, শ্রীমঙ্গল সরকারি কলেজ, দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজ, র্যা নার উচ্চবিদ্যালয়, দ্য বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও বেগম রাসুলজান আবদুল বারি উচ্চবিদ্যালয়। নাচোল: নাচোল ডিগ্রি কলেজ মাঠে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলের একটি অনগ্রসর অবহেলিত উপজেলা নাচোল। সেই নাচোলে প্রথমবারের মতো এ ধরনের আনন্দময় ও শিক্ষামূলক অনুষ্ঠান হচ্ছে। আশা করছি, অনগ্রসর নাচোলের ছেলেমেয়েরা ইন্টারনেটের ব্যবহার শিখে জ্ঞানের রাজ্যে বিচরণ করবে। শুভেচ্ছা বক্তব্য দেন গ্রামীণফোনের কর্মকর্তা মিনহাজ-উল-আলম ও চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। এর আগে শপথবাক্য পাঠ করান নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান। আই-জিনিয়াস নির্বাচিত হয় এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র ফয়সাল আহমেদ।নেজামপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দীন বলেন, ‘অনুষ্ঠানে এসে মনে হচ্ছে বয়স কমে গেছে। শিক্ষার্থীদের দেখাদেখি কখন যে হ্যাপিনেস মেশিনের সামনে দাঁড়িয়ে গেছি, বুঝতে পারিনি। পুরস্কার জিতে ছেলেবেলার মতোই আনন্দ পেলাম।’অনুষ্ঠানে (মূলত শিক্ষার্থীদের জন্য করা) কুইজের প্রশ্ন শুনে অজান্তেই হাত উঠিয়ে ফেলেন দর্শক সারিতে বসা সোনাইচণ্ডী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রহিম। সঠিক উত্তর দিয়ে একটি টি-শার্ট পুরস্কার জেতেন তিনি। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘এখনকার শিক্ষার্থীদের দেখে হিংসা হচ্ছে। আমাদের তুলনায় তারা কতই না সুযোগ পাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের।’কালাই: কালাই উপজেলায় আয়োজিত উৎসবে অংশ নেয় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে: কালাই মহিলা ডিগ্রি কলেজ, কালাই ডিগ্রি কলেজ, কালাই বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, কালাই মহিলা বিজনেজ ম্যানেজমেন্ট কলেজ, নান্দাইলদীঘি কলেজ, কালাই এম ইউ উচ্চবিদ্যালয়, কালাই বালিকা উচ্চবিদ্যালয়, কালাই ওমর সায়েন্স স্কুল, আঁওড়া উচ্চবিদ্যালয় ও হারুঞ্জা নমিজন আফতাবি উচ্চবিদ্যালয়। উৎসব উদ্বোধন করে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান কালাই মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য দেন জয়পুরহাটের জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস, পুলিশ সুপার হামিদুল আলম, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. হাফিজুর রহমান, গ্রামীণফোনের টেরিটরি কর্মকর্তা তৌহিদুল ইসলাম, প্রথম আলোর বগুড়া প্রতিনিধি মো. আনোয়ার পারভেজ ও কালাই বন্ধুসভার মহিউদ্দিন মামুন। আই-জিনিয়াস নির্বাচিত হয় কালাই ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মোহাইমেনুল। প্রতিক্রিয়ায় সে বলে, ‘গত উৎসবে আই-জিনিয়াস হওয়ার পরও চূড়ান্ত পর্বে হেরে গেছি। এবার শেষ পর্বেও সেরাদের সেরা হতে পারব বলে আশা করছি।’এ বছর সারা দেশে ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব করার সিদ্ধান্ত হয়েছে। গ্রামীণফোন ও প্রথম আলোর যৌথ আয়োজনে এই উৎসবের সহযোগী হিসেবে রয়েছে সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি। সহায়তা দিচ্ছে গুগল, অপেরা, নকিয়া, ফেসবুক, চ্যানেল আই ও রেডিও ফুর্তি। উৎসবের ব্যবস্থাপনায় সহযোগিতা করছে এশিয়াটিক ইভেন্ট মার্কেটিং লিমিটেড।আজ সোমবার উৎসব হবে শুধু পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়ে।