'আসুন, তুলনা করুন এবং বেছে নিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসিসের উদ্যোগে ১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিজনেস সফটওয়্যার শোকেস
বেসিসের উদ্যোগে ১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিজনেস সফটওয়্যার শোকেস

‘আসুন, তুলনা করুন এবং বেছে নিন’—এটি হচ্ছে তৈরি পোশাকশিল্পের ব্যবসাসংক্রান্ত সফটওয়্যার প্রদর্শনীর একটি স্লোগান। ১১ ডিসেম্বর থেকে ঢাকার বিসিএস কম্পিউটার সিটির নিচতলায় ‘বিজনেস সফটওয়্যার শোকেস’ নামের এই প্রদর্শনী শুরু হচ্ছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের(বেসিস) উদ্যোগে ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) সহায়তায় শুরু হচ্ছে তিন দিনের এই প্রদর্শনী।
প্রদর্শনীর আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসিস। রাজধানীর কারওয়ান বাজারের বেসিস অডিটোরিয়ামে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিসের মহাসচিব উত্তম কুমার পাল, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, বেসিস স্ট্যান্ডিং কমিটি অন লোকাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বিজনেস সফটওয়্যার শোকেসের আহ্বায়ক রাশেদ কামাল, কো-চেয়ারম্যান গোপাল দেবনাথসহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বেসিসের কর্মকর্তারা বলেন, সুনির্দিষ্ট বিষয় বা শিল্পভিত্তিক সফটওয়্যার প্রদর্শনীর লক্ষ্যে বেসিসের উদ্যোগে নিয়মিত আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে এই বিজনেস সফটওয়্যার শোকেস। এবারের প্রদর্শনীতে গার্মেন্টস ও টেক্সটাইলস শিল্পের সফটওয়্যার প্রদর্শন করা হবে। এবার বেসিসের সদস্যভুক্ত অ্যাডভান্সড ইআরপি (বিডি) লিমিটেড, বেস্ট বিজনেস বন্ড লিমিটেড, সিএসএল সফটওয়্যার লিমিটেড, লজিক সফটওয়্যার লিমিটেড, লেক্সিনার সলিউশন্স, সিসটেক ডিজিটাল লিমিটেড, মিডিয়া সফট লিমিটেড ও ইউরোবাংলা আইটি তাদের সফটওয়্যার প্রদর্শন করবে।
বেসিসের মহাসচিব উত্তম কুমার পাল বলেন, একটি নির্দিষ্ট জায়গায় একই ধরনের সফটওয়্যারের তুলনামূলক বৈশিষ্ট্য এবং এর প্রতিযোগিতামূলক মূল্য সম্পর্কে দর্শনার্থীদের সুস্পষ্ট ধারণা দিতেই এই আয়োজন। এতে সাধারণ দর্শনার্থীসহ গার্মেন্টস ও টেক্সটাইলস শিল্পের সঙ্গে যুক্ত উদ্যোক্তা, কর্মকর্তাসহ সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
১১ থেকে ১৩ ডিসেম্বরের এই সফটওয়্যার প্রদর্শনী সবার জন্য সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে।