‘ই-এশিয়া পুরস্কারের চূড়ান্ত পর্বে ৩৭টি প্রকল্প
ঢাকায় আগামী মাসে অনুষ্ঠেয় এশিয়ার অন্যতম বড় তথ্যপ্রযুক্তি আয়োজন ই-এশিয়ায় প্রথমবারের মতো প্রবর্তিত ‘ই-এশিয়া ২০১১ পুরস্কার’-এর চূড়ান্ত পর্বের জন্য ৩৭টি উদ্যোগ নির্বাচিত হয়েছে। চারটি বিভাগে মোট ২০৭টি প্রকল্প ও প্রতিষ্ঠানের মনোনয়ন থেকে চূড়ান্ত এই বাছাই করা হয়েছে। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্রসহ এশীয় ও ইউরোপীয় অঞ্চলের সাতটি দেশের প্রকল্প ও প্রতিষ্ঠান থেকে পুরস্কারের জন্য প্রাথমিক আবেদন জমা পড়ে। এসব প্রকল্পের বিষয়—শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সেবা, প্রাতিষ্ঠানিক দক্ষতা, সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক সমতা। শুধু ভারতেরই ৪৫টি আবেদন জমা পড়ে। খবর বিজ্ঞপ্তির। গত ২২ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলমান প্রকল্প ও প্রতিষ্ঠান বাছাই এবং মনোনয়নপর্ব সমন্বয় করেন ২১ সদস্যের একটি বিশেষজ্ঞ আন্তর্জাতিক বিচারক পর্ষদ। আগামী ২ ডিসেম্বর ই-এশিয়া সম্মেলনে মনোনীত ৩৭টি প্রকল্প ও প্রতিষ্ঠান থেকে ১৭টি প্রকল্প ও প্রতিষ্ঠানকে ই-এশিয়া পুরস্কার ২০১১ দেওয়া হবে। ১ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে এশিয়ার অন্যতম বড় এই তিন দিনের ই-এশিয়া তথ্যপ্রযুক্তির মেলা।