‘ঈশ্বর কণা’ নিয়ে অপেক্ষার শেষ ৪ জুলাই (ভিডিও)
সেই ২০১০ সালে লার্জ হ্যাড্রন কোলাইডারে মিনি বিগ ব্যাং ঘটানোর পর থেকে অপেক্ষার পালা শুরু। কিন্তু এই কণার অস্তিত্ব আছে কি নেই, তা নিয়ে অপেক্ষা ফুরায়নি। গবেষকেরা সব সময়ই ইতিবাচক ধারণা করে আসছেন। কিন্তু সবার মনেই প্রশ্ন ছিল-কবে মিলবে এর খোঁজ? এক খবরে রয়টার্স জানিয়েছে, ঈশ্বর কণার অস্তিত্ব সম্পর্কে তথ্য দিতে ৪ জুলাই মুখ খুলবেন সার্নের গবেষকেরা।নিউক্লিয়ার গবেষণার ক্ষেত্রে ইউরোপের সংস্থা সার্নের গবেষকেরা ৪ জুন বুধবার সংবাদ সম্মেলনে এই কণার বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। গবেষকেদের চোখে ‘ঈশ্বর কণা’র সম্ভাবনা ৯৯.৯৯%, আর আশঙ্কা ০.১ শতাংশ। এই আশঙ্কা শেষ মুহূর্তে জেঁকে বসেছে। শেষ হয়েও যদি শেষ না হয়! গবেষকেরা হয়তো আরো পরীক্ষা-নিরীক্ষার কথা বলে এই কণার অস্তিত্বের খোঁজ আরও দীর্ঘায়িত করতে পারেন।এদিন সুইজারল্যান্ডে একটি সম্মেলনের আয়োজন করেছে সার্ন কর্তৃপক্ষ। সম্মেলনে পাঁচজন বিখ্যাত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীকে আমন্ত্রণ জানিয়েছে সার্ন কর্তৃপক্ষ। এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, লার্জ হ্যাড্রন কোলাইডারের (এলএইচসি) গবেষকেরা ঈশ্বর কণার খোঁজ পাওয়ার বিষয়ে শতকরা ৯৯.৯৯ ভাগ আশাবাদী। আর আশঙ্কার ভাগ ০.১%। সুইজারল্যান্ডের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এই কণা যাঁর নামে নামকরণ করা হয়েছে, সেই পিটার হিগস নিজেও।গবেষকেরা আশা করছেন, ৪ জুলাই হতে পারে সেই মাহেন্দ্রক্ষণ। কারণ এদিন হিগস বোসন কণার অস্তিত্ব রয়েছে—এমন ঘোষণা আসতে পারে গবেষকদের কাছ থেকে। এক হাজার কোটি ডলার ব্যয়ে সুইজারল্যান্ড-ফ্রান্স সীমান্তে মাটির নিচে অবস্থিত লার্জ হ্যাড্রন কোলাইডারে যে বিগ ব্যাং ঘটানো হয়েছে, এর ফল বিশ্লেষণ করে এ কণার অস্তিত্ব পাওয়া যাবে বলে গবেষকেরা কাজ করছেন।পদার্থবিজ্ঞানী পিটার হিগস ও সত্যেন্দ্রনাথ বসুর নামে নামকরণ করা হিগস বোসন কণাটি এখনো অনাবিষ্কৃত। হিগস ১৯৬৪ সালে শক্তি হিসেবে এমন একটি কণার ধারণা দেন, যা বস্তুর ভর সৃষ্টি করে। এর ফলে এই মহাবিশ্ব সৃষ্টি সম্ভব হয়। এ কণাটিই ঈশ্বর কণা নামে পরিচিতি পায়।কীভাবে পদার্থ তৈরি হয়, বিষয়টি জানতে এই কণার খোঁজে জেনেভার কাছে ভূগর্ভে ২০১০ সালে মিনি বিগ ব্যাং ঘটিয়েছিলেন গবেষকেরা।