‘এক্সপেরিয়া টিপো’ আনছে সনি
মোবাইলের বাজারে আরও দুটি নতুন মডেলের স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা সনি। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, নতুন মডেলের স্মার্টফোন দুটো যুক্ত হবে সনির জনপ্রিয় এক্সপেরিয়া সিরিজে। সনি এই দুই মডেলের নাম রাখছে: এক্সপেরিয়া টিপো ও এক্সপেরিয়া টিপো ডুয়াল।জনপ্রিয় এক্সপেরিয়া সিরিজে একের পর এক স্মার্টফোন যুক্ত করছে সনি। চলতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস) মেলায় এক্সপেরিয়া এস নামের স্মার্টফোন এনেছিল প্রতিষ্ঠানটি। এর পরপরই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এনেছিল এক্সপেরিয়া ইউ ও এক্সপেরিয়া পি। এই দুটি স্মার্টফোনের পর বাজারে আসে এক্সপেরিয়া সোলা। চলতি মাসের শুরুতে এক্সপেরিয়া মিরো নামের নতুন আরও একটি স্মার্টফোন বাজারে আনার কথা জানিয়েছে সনি। আর এবার যুক্ত হলো এক্সপেরিয়া টিপো ও টিপো ডুয়াল নামের স্মার্টফোন দুটি।অ্যান্ড্রয়েড ৪.০ বা আইসক্রিম স্যান্ডউইচচালিত চালিত স্মার্টফোন দুটিতে থাকছে ৩.২ ইঞ্চি দাগ প্রতিরোধী মিনারেল গ্লাস ডিসপ্লে, ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, কোয়ালকম ৮০০ মেগাহার্টজ প্রসেসর সুবিধা।সনি জানিয়েছে, লাল, কালো, সাদা ও নীল রঙে শিগগিরই বাজারে আসবে সাশ্রয়ী এই স্মার্টফোন দুটি।