‘এলুগা’ নিয়ে ফিরছে প্যানাসনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপল, স্যামসাং ও নকিয়ার স্মার্টফোন রাজত্বে শিগগিরই আরো একটি নাম যোগ হতে যাচ্ছে। একটু দেরিতে হলেও আবারও স্মার্টফোনের বাজারে আসার পরিকল্পনা জানিয়েছে জাপানি ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক কর্পোরেশন। সম্প্রতি ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাত্কারে এ তথ্য জানিয়েছেন প্যানাসনিকের ইউরোপ অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা লরেন্ট আবাদি। লরেন্ট জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল মাস নাগাদ প্যানাসনিকের তৈরি স্মার্টফোন বাজারে চলে আসবে। নতুন এ স্মার্টফোনের নাম হবে ‘এলুগা’। স্মার্টফোন ছাড়াও প্যানাসনিকের ট্যাবলেট তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।লরেন্ট আবাদি আরও জানিয়েছেন, এক দশক আগেও ইউরোপের স্মার্টফোনের বাজারে প্যানাসনিকের অবস্থান ছিল শীর্ষে। কিন্তু নতুন প্রযুক্তির স্মার্টফোন বাজারে এনে অ্যাপল, নকিয়া স্যামসাং এর মতো প্রতিষ্ঠানগুলো বাজার দখল করায় পিছিয়ে পড়েছিল প্যানাসনিক। প্যানাসনিকের সর্বশেষ ফোনটি বাজারে এসেছিল প্রায় অর্ধ যুগ আগে। তবে, চলতি বছরে আবারও প্যানাসনিক স্মার্টফোন ও ট্যাবলেট দিয়ে বাজারে ফিরছে। ২০১৩ সালের এপ্রিল মাস নাগাদ ১৫ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রির পরিকল্পনা করেছে প্যানাসনিক। ট্যাবলেট নাকি স্মার্টফোন, কোনটি তৈরি করবে প্যানাসনিক? এ প্রশ্নের জবাবে লরেন্ট জানিয়েছেন, শক্তিশালী ব্যান্ড হিসেবে প্যানাসনিকের পক্ষে এখনই বাজারে প্রবেশ করা উপযুক্ত সময়। প্রথমে বিভিন্ন ধরনের স্মার্টফোন তৈরি করা হবে। পরবর্তীতে স্মার্টফোন ছাড়াও বড় মাপের ডিসপ্লেযুক্ত ডিভাইস তৈরি করা হবে। স্মার্টফোন তৈরির জন্য মালয়েশিয়াকে বেছে নেবার কথা জানিয়েছেন লরেন্ট। প্যানাসনিকের স্মার্টফোন প্রথমে ইউরোপের বাজারে ছাড়ার কথা ভাবছে প্রতিষ্ঠানটি। জার্মানি, স্পেন, ইতালি ও নেদারল্যান্ডসের বিভিন্ন মোবাইল অপারেটরের সঙ্গে চুক্তির ভিত্তিতে ‘এলুগা’ স্মার্টফোন তৈরি করবে প্রতিষ্ঠানটি। তবে পরবর্তীকালে এশিয়া অঞ্চলসহ বিশ্বের অন্যান্য দেশেও স্মার্টফোনের ব্যবসা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন লরেন্ট।