'ওয়ান বাংলাদেশ' এগিয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ওয়ান বাংলাদেশ: ইউনিটিং ভিশন’ শীর্ষক এক কর্মশালায় বেসিস, বিসিসি ও এলআইসিটির কর্মকর্তারা অংশ নেন। ছবি: বেসিসের সৌজন্যে
‘ওয়ান বাংলাদেশ: ইউনিটিং ভিশন’ শীর্ষক এক কর্মশালায় বেসিস, বিসিসি ও এলআইসিটির কর্মকর্তারা অংশ নেন। ছবি: বেসিসের সৌজন্যে

দেশে তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিনির্ভর খাতের উন্নয়নে ‘ওয়ান বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়ন এগিয়ে চলেছে। সম্প্রতি রাজধানীতে আয়োজিত ‘ওয়ান বাংলাদেশ: ইউনিটিং ভিশন’ শীর্ষক এক কর্মশালায় এই রূপকল্প বাস্তবায়নের সার্বিক অবস্থা তুলে ধরা হয়। বেসিস সূত্রে এ তথ্য জানা গেছে।

এই রূপকল্প বাস্তবায়নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সঙ্গে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লেভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্প। প্রকল্পের সহযোগিতায় রয়েছে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান থোলনস এবং ওন হেইট।

কর্মশালায় বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, ওয়ান বাংলাদেশ ভিশন বাস্তবায়নে বেসিস অনেক দূর এগিয়েছে। ইতিমধ্যে পাবলিক-প্রাইভেট যৌথভাবে অনুষ্ঠিত ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪ ও বেসিস সফটএক্সপো অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে আইসিটিতে বাংলাদেশ কী করছে, সেটি বিশ্বের সামনে উঠে আসে। ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল বাংলাদেশে বিনিয়োগ শুরু করেছে। এ ছাড়া সুইজারল্যান্ডের ইনভেস্টমেন্ট এবি কিনেভিক, নরওয়ের এসএনটি ক্লাসিফায়েডস, রকেট ইন্টারনেট, সিকসহ বিশ্বের বিভিন্ন নামীদামি কোম্পানি ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে। হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইটিএম) মাধ্যমে এলআইসিটি ও আইসিটি ডিভিশনের সঙ্গে পার্টনারশিপের ২৩ হাজার আইটি প্রফেশনালস তৈরির কাজ শুরু করেছে।

বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম বলেন, সরকার তথ্যপ্রযুক্তি খাতকে গুরুত্ব দিয়ে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বিসিসি, বেসিসসহ এই খাতের সবার সম্মিলিত প্রয়াসেই ২০১৮ সালের মধ্যে তথ্যপ্রযুক্তিতে রপ্তানি আয় এক বিলিয়ন ডলার করা সম্ভব হবে। এ ক্ষেত্রে বিসিসি ও আইসিটি বিভাগ সর্বাত্মক সহযোগিতা করবে।

কর্মশালায় বক্তব্য দেন বেসিসের সাবেক সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, রফিকুল ইসলাম রাউলি, সিনিয়র সহসভাপতি রাসেল টি আহমেদ, নির্বাহী পরিচালক সামি আহমেদ, আইসিটি ডিভিশনের যুগ্ম সচিব শ্যামা প্রসাদ ব্যাপারি, এলআইসিটি প্রকল্পের প্রকল্প পরিচালক রেজাউল করিম প্রমুখ।

অনুষ্ঠানে দেশের তথ্যপ্রযুক্তি খাতের একটি নির্ভরযোগ্য প্রতিবেদন তৈরির প্রতি জোর দেওয়া হয়। এ ছাড়া এই খাতের উন্নয়নে করণীয় নির্ধারণ ও সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।