'ওয়ান বাংলাদেশ' লক্ষ্য বাস্তবায়নে যৌথ উদ্যোগ

তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষ জনশক্তি তৈরি ও তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে ‘ওয়ান বাংলাদেশ ভিশন’ নিয়ে কাজ করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এই লক্ষ্য বাস্তবায়নে বেসিসের সঙ্গে যৌথভাবে করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াকফ (আইডিবি-বিআইএসইডব্লিউ)। আজ রোববার আইডিবি-বিআইএসইডব্লিউ সভাকক্ষে বেসিস প্রতিনিধির সঙ্গে এক সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। বেসিস সূত্র এ তথ্য জানিয়েছে।
বেসিসের ‘ওয়ান বাংলাদেশ’-এর অন্যতম লক্ষ্য হচ্ছে আগামী পাঁচ বছরে ১০ লাখ দক্ষ জনশক্তি তৈরি করা।
সভায় বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি এম রাশিদুল হাসান, সচিব হাশিম আহমেদসহ আইডিবি-বিআইএসইডব্লিউর প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়াজ খান, শো অ্যান্ড টেল কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোকাম্মেল হোসেন, আইডিবি-বিআইএসইডব্লিউ প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মাদ নওশের আলী, প্রোগ্রাম অফিসার জাহিদ-আল-মাহাদী, প্রোগ্রাম কো-অর্ডিনেটর সৈয়দ রায়হান বাশার উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, যেহেতু সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বেসিস, বিআইটিএম, আইডিবি-বিআইএসইডব্লিউ, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) তথ্যপ্রযুক্তি খাতের দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে। তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরিতে বেসিস ও আইডিবি-বিআইএসইডব্লিউসহ সবার সঙ্গেই নিবিড়ভাবে কাজ করবে।
সভায় বেসিসের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আইডিবি-বিআইএসইডব্লিউ কর্তৃপক্ষ তাদের প্রশিক্ষণ কারিকুলাম বা বিষয়বস্তুতে প্রয়োজনীয় পরিবর্তন আনতেও তাদের সদিচ্ছার কথা জানায়। প্রতিষ্ঠানটি তথ্যপ্রযুক্তির সংশ্লিষ্ট প্রশিক্ষণ দিয়ে থাকে।