‘কিউরিওসিটি’র পর মঙ্গলে যাচ্ছে ‘ইনসাইট’ (ভিডিও)
মঙ্গলের মাটিতে কিউরিওসিটির অবতরণের দুই সপ্তাহ পরে আরো একটি রোবট মঙ্গলে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা। গবেষকেরা জানিয়েছেন, ‘ইনসাইট’ নামের নতুন এ রোবটটি ২০১৬ সালে মঙ্গলে পাঠানো হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।গবেষকেরা জানিয়েছেন, ইনসাইট রোবটটি মঙ্গলের গঠন কাঠামো নিয়ে পরীক্ষা চালাবে। ইনসাইটের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে মঙ্গলের গঠন ও পৃথিবীর গঠনের মধ্যে মিল খোঁজার কথাও জানিয়েছেন তাঁরা। এ ছাড়াও ভূমিকম্পের মাত্রা ও তাপমাত্রার পরিবর্তনের বিষয়টি নিয়ে কাজ করবে ইনসাইট।
গবেষকেরা জানান, নতুন এ রোবটটি তৈরি করতে সাড়ে ৪২ কোটি ডলার খরচ হবে। কিউরিওসিটির মতই নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরি (জেপিএল) থেকে এ মিশনটি পরিচালিত হবে। ইনসাইটের নকশা হবে অনেকটাই ২০০৮ সালে মঙ্গল মিশনে যাওয়া ‘ফিনিক্স’ এর মতো । ফিনিক্সের সঙ্গে ইনসাইটের মিল থাকলেও যন্ত্রপাতি ও কাজের ধরন আলাদা হবে বলেই নাসার গবেষকেরা জানিয়েছেন।ইনসাইটের গবেষণাকাজের যন্ত্রপাতি তৈরি করবে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।ইনসাইট মিশনের কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন যুক্তরাজ্যের ইমপিরিয়াল কলেজ লন্ডনের গবেষক টম পাইক। তিনি বলেন, ইনসাইটের মিশন কিউরিওসিটির মত সুন্দর ছবি তোলার মিশন হবে না। মঙ্গলের ভূমিকম্পের মাত্রা বিষয়ক তথ্য উপাত্ত সংগ্রহে কাজ করবে ইনসাইট। আমরা মঙ্গলের ভূ-ত্বক নিয়ে কাজ করব। এখন আমরা পৃথিবীর গঠন নিয়ে অনেক কিছুই জানি, কিন্তু পৃথিবীর সঙ্গে তুলনা করার মত কোনো উপাত্ত আমাদের নেই।’টম পাইক আরো জানান, পৃথিবীর ভূ-কাঠামো বিশেষ কিছু নাকি একেবারেই অন্যান্য গ্রহের মতোই সাধারণ তা জানা প্রয়োজন। ইনসাইট আমাদের মঙ্গলের গঠন সম্পর্কে সে তথ্য দেবে।