'কেমন আছ বাবা?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সে সময়টার কথা হয়তো আপনার মনেও নেই। ছোট্ট ছিলেন, ছিল রাজ্যের কৌতূহল। ‘পাখি কেন ওড়ে? গাড়ি কীভাবে চলে? এটার নাম কী? ওটার কী রং?’ হাজারটা প্রশ্নে জর্জরিত করতেন আশপাশের সবাইকে। হাসিমুখে বুকে টেনে নিয়ে সেসব প্রশ্নের উত্তর দিতেন বাবা! সময় বদলেছে। সেই ছোট্ট আপনিই এখন হয়তো ক্লাসে হাত ওপরে তুলে ‘কোয়ান্টাম মেকানিকস’ কিংবা ‘প্রোডাক্ট লাইফ সাইকেল’-সংক্রান্ত কঠিন কঠিন প্রশ্ন করেন। শুধু কি প্রশ্ন, জীবনটাও কি কঠিন হয়ে যায়নি?

পড়ালেখার সুবাদে অনেকেরই ঠিকানা হয় ছাত্রাবাস কিংবা মেস। কলেজ-বিশ্ববিদ্যালয়ের অলিগলি হেঁটে হয় জ্ঞানের অন্বেষণ। যে বাবার হাত ধরে হাঁটতে শেখা, তাঁর খোঁজ কি নিয়মিত নেওয়া হয়? বাড়ি ফেরার সময় ছোট বোনটার জন্য নাহয় চকলেট কেনা হলো, সঙ্গে মায়ের জন্য শাড়ি। বাবার জন্য? বাবার প্রতি ছেলেমেয়েদের ভালোবাসাটা অন্য রকম। কিন্তু অনেক ক্ষেত্রেই ভালোবাসার ‘প্রকাশ’টা করা হয়ে ওঠে না। বাবা কাজে ব্যস্ত থাকেন। কথাবার্তার ‘মাধ্যম’ হয়ে যান মা। ‘তোমার ছেলে বাড়ি আসবে কবে?’ বাবা যেমন প্রশ্নটা মাকে করেন, তেমনি ‘বাবা ওষুধগুলো ঠিকমতো খাচ্ছে তো?’—সন্তানের প্রশ্নও মায়ের কাছে। সারা দিনের গল্পটাও বেশির ভাগ সময় মায়ের সঙ্গেই জমে। অজান্তেই কিছুটা দূরত্ব তৈরি হয়ে যায় বাবা আর সন্তানের মাঝে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদী আহমেদ হলে থাকেন। বললেন, ‘মার সঙ্গে প্রতিদিনই কথা হয়। বাবা সপ্তাহে এক-দুবার ফোন করেন। আমারও আসলে বাবাকে ফোন করা হয় না। মায়ের মাধ্যমে তো খোঁজখবর পাই-ই। বাবা নিজেও কমই কথা বলেন। টাকা লাগবে কি না, কবে বাড়িতে যাব—এমন দু-একটা কথা। কিন্তু সব সময়ই খুব দুশ্চিন্তা করেন। আমারও মাঝে মাঝে বাবাকে দেখার জন্য মন ছুটে যায়।’ মার কাছে ‘ভায়া’ হয়ে না গিয়ে সরাসরি বাবা আর সন্তানের নিয়মিত যোগাযোগটা জরুরি। এমনটাই বললেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মেখলা সরকার। তিনি বলেন, বাবা আর মায়ের ভূমিকাটা আলাদাভাবে গুরুত্বপূর্ণ। অনেকের কাছেই বাবা ‘রোল মডেল’ , কিন্তু কথাবার্তা বেশি শেয়ার করা হয় মায়ের সঙ্গে। বাবার প্রতি ভালোবাসা থাকলেও সেটা বলা হয় না। ভালোবাসার প্রকাশটা জরুরি। মুখে না বলা হলে খুদে বার্তার মাধ্যমে বলা যায়। বিভিন্ন দিবসে ছোটখাটো উপহার দেওয়া যেতে পারে। সম্পর্কটা হতে হবে খোলামেলা, বন্ধুত্বপূর্ণ।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারহা আনাম খানের বাড়ি সিলেট। পড়ালেখার সুবাদে তাঁকে থাকতে হচ্ছে ঢাকায়। বললেন, ‘বেশির ভাগ সময় মা-ই ফোন দেয়। কিন্তু বাবার সঙ্গেও নিয়মিত কথা হয়। এখানে কোনো সমস্যা হলেই বাবার কথা মনে হয়। মনে হয়, বাবা থাকলে এমনটা হতো না। আমাদের বাসায় যেকোনো উৎসবই খুব ঘটা করে পালন করা হয়। পয়লা বৈশাখ, বসন্ত উৎসবের মতো দিনগুলোতে তাই বাবার কথা মনে পড়ে। খুব কান্না পায়।’ অন্যদিকে ফারহার বাবার কণ্ঠেও একই সুর, ‘কয়েক দিন আগে আমাদের এক আত্মীয়র বিয়ে হলো, মেয়েটা আসতে পারল না। খুব মিস করেছি ওকে। মেয়ের এমনিতে মায়ের সঙ্গেই কথা হয় বেশি। তবে কোনো আবদার থাকলে মাকে বলে না, আমাকেই বলে। হা হা হা!’ বাবা নুরুল আনাম খানের মুখে আদুরে প্রশ্রয়ের হাসি। ছোটবেলায় ফারহা যখন মেলায় গিয়ে বেলুন কেনার জন্য বায়না ধরত, তখনো হয়তো এভাবেই হাসতেন তিনি!