'গণিতের নোবেল' পেলেন ইরানি নারী

বিশ্বের প্রথম নারী হিসেবে ‘গণিতের নোবেল’ পুরস্কার নামে খ্যাত ফিল্ডস মেডেলে ভূষিত হয়েছেন ইরানি গণিতবিদ মারিয়াম মির্জাখানি। জ্যামিতিশাস্ত্রের জটিল বিষয়ে অবদানের জন্য তাঁকে ‘দীর্ঘ প্রতীক্ষিত’ এ পুরস্কার দেওয়া হয়। খবর এএফপি ও বিবিসির।
অধ্যাপক মির্জাখানি ছাড়া এবারের ফিল্ডস মেডেলজয়ী তিনজন হলেন যুক্তরাজ্যের মার্টিন হায়ারার, ফ্রান্সের আর্তুর আভিলা এবং ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান-আমেরিকান গণিতবিদ মঞ্জুল ভার্গব।
জ্যামিতি এবং গতিশীলতা, বিশেষ করে বাঁকা পৃষ্ঠতলের প্রতিসাম্য ব্যাখ্যায় মির্জাখানির বিশেষ অবদান এবারের ফিল্ডস মেডেল পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে। তাঁর গবেষণার বিষয় পুরোপুরি তত্ত্বীয় হলেও তা পদার্থবিদ্যা ও কোয়ান্টাম ফিল্ড তত্ত্বে প্রয়োগ করা যাবে। মৌলিক সংখ্যা ও ক্রিপ্টোগ্রাফি নিয়ে গবেষণায়ও নতুন মাত্রা যোগ করবে মির্জাখানির কাজকর্ম। ক্রিপ্টোগ্রাফি হচ্ছে গোপন সংকেতলিপি রচনার বিদ্যা, যা গণিত ছাড়াও কম্পিউটারবিজ্ঞান ও তড়িৎ প্রকৌশলে কাজে লাগে। এটিএম কার্ড, কম্পিউটারের পাসওয়ার্ড আর বারকোডনিয়ন্ত্রিত বিক্রয়ব্যবস্থায় ক্রিপ্টোগ্রাফির প্রয়োগ রয়েছে।
ইরানে জন্মগ্রহণকারী মির্জাখানি পিএইচডি সম্পন্ন করেছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত তিনি ইরানেই পড়াশোনা করেন। তিনি এখন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আয়োজিত আন্তর্জাতিক গণিত সম্মেলনে গতকাল বুধবার তাঁর হাতে পুরস্কারটি তুলে দেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক জেন-হে। প্রতি চার বছর পর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অধ্যাপক মির্জাখানি এক বিবৃতিতে বলেন, পুরস্কারটি তাঁর জন্য এক বড় সম্মান। তিনি খুশি হবেন যদি, তাঁর এই অর্জনে তরুণী গণিতবিদেরা উৎসাহিত হন। আর তিনি আশা করেন, আগামী বছরগুলোতে আরও অনেক নারী এ পুরস্কার পাবেন।
একজন নারী গণিতশাস্ত্রে গবেষণার শীর্ষ পুরস্কারটি পাবেন—এ রকম প্রত্যাশা দীর্ঘদিন ধরেই ছিল বলে মন্তব্য করেন যুক্তরাজ্যের গণিতবিদ জন বল। ফিল্ডস মেডেল নির্বাচকমণ্ডলীর সদস্য ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেম ফ্রানসেস কিরওয়ান বলেন, গণিতকে প্রথাগতভাবে ‘পুরুষদের জন্য সংরক্ষিত’ বলে মনে করা হলেও এ বিষয়ে নারীর অবদানের ইতিহাস কয়েক শ বছরের পুরোনো। তবে প্রথম নারী হিসেবে মির্জাখানি গণিতের শীর্ষ পুরস্কারটি অর্জন করায় বহু নারী গণিতবিদ নিশ্চয়ই উৎসাহিত হবেন।
আন্তর্জাতিক গণিত ইউনিয়নের (আইএমইউ) একটি নির্বাচক কমিটি ফিল্ডস মেডেল প্রদান করে থাকে। কানাডীয় গণিতবিদ জন ফিল্ডস ১৯৩৬ সালে এই পুরস্কার প্রবর্তন করেন। পুরস্কার বিজয়ী গণিতবিদদের পদকের পাশাপাশি ১৫ হাজার কানাডিয়ান ডলার দেওয়া হয়। প্রতি চার বছর পর দুই থেকে চারজন গণিতবিদকে এই পদক দেওয়া হয়। ফিল্ডস মেডেলের বৈশিষ্ট্য হলো, এটা সব সময়ই ৪০ বছর বা তার চেয়ে কম বয়সীদের দেওয়া হয়। এ ধরনের নিয়মের কারণ হিসেবে প্রবর্তকেরা বলেন, এতে অল্প বয়সেই গণিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি পাওয়ার সুযোগ মিলবে এবং ভবিষ্যতে আরও অর্জনের জন্যও তা উত্সাহ জোগাবে।