‘গোয়েন্দা বিমান’ ব্যবহার করছে অ্যাপল
থ্রিডি প্রযুক্তির ম্যাপ-সেবা আনতে গোয়েন্দা বিমান ব্যবহার করার পরিকল্পনা করেছে অ্যাপল। এক খবরে টেলিগ্রাফ জানিয়েছে, বেসরকারি গোয়েন্দা বিমানে করে ত্রিমাত্রিক বা থ্রিডি প্রযুক্তিতে তথ্য সংগ্রহ করবে প্রতিষ্ঠানটি।অ্যাপলের আইপ্যাড ও আইফোনের জন্য নতুন প্রযুক্তির ‘আইম্যাপ’-সেবা চালু করতেই গোয়েন্দা বিমান কাজে লাগাচ্ছে অ্যাপল। এই পদ্ধতিতে তোলা ছবি মাত্র চার ইঞ্চি আওতার মধ্যে বস্তুকে দেখাতে সক্ষম হবে। এখন পর্যন্ত বিশ্বের ২০টি শহরে এই গোয়েন্দা বিমানের সাহায্যে প্রতিটি বাড়ি, রাস্তা ও বস্তুর ত্রিমাত্রিক ছবি তুলেছে অ্যাপলের গোয়েন্দা বিমান।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, গোয়েন্দা বিমান থেকে সংগৃহীত ভিডিওচিত্র এতটাই পরিষ্কার যে বাড়ির মধ্যে প্রতিটি সদস্য কী করছে, তা সহজেই জানা সম্ভব।অ্যাপলের আইওএস ৬ অপারেটিং সিস্টেম থেকে বাদ পড়ছে গুগলের তৈরি ‘গুগল ম্যাপস’ নামের অ্যাপ্লিকেশনটি। গুগল ম্যাপস বাদ দিয়ে অ্যাপল নিজস্ব নতুন একটি ম্যাপ যোগ করার পরিকল্পনা করেছে। অ্যাপলের বরাত দিয়ে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস এক খবরে জানিয়েছে, গুগল ম্যাপসের মতোই অ্যাপলের নিজস্ব ম্যাপ হবে পরিষ্কার, দ্রুত ও বিশ্বাসযোগ্য। অ্যাপলের এই ম্যাপ অ্যাপ্লিকেশনটি আইফোন, আইপ্যাড, আইপড টাচে অ্যাপ্লিকেশন আকারে আসবে। সানফ্রান্সিসকোতে ১১ থেকে ১৫ জুন অ্যাপলের বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে (ডব্লিউডিসি) আইওএস ৬ অপারেটিং সিস্টেমের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আর এই অপারেটিং সিস্টেমের সঙ্গেই আসতে পারে অ্যাপল ম্যাপস বা ‘আইম্যাপ’ অ্যাপ্লিকেশনটি।উল্লেখ্য, ম্যাপ-সেবা তৈরি করতে অ্যাপল প্লেসবেস, সি৩ টেকনোলজিস ও পলি ৯ নামের প্রতিষ্ঠানগুলোকে কিনেছে। এই প্রতিষ্ঠানগুলো মিলে উন্নত প্রযুক্তির অ্যাপল ম্যাপস তৈরিতে কাজ করছে।