‘গ্যালাক্সি এস ৩’ বিক্রিতে নিষেধাজ্ঞা চাইল অ্যাপল
অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যকার পেটেন্ট যুদ্ধ নতুন মোড় নিয়েছে। দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা জেতার পর আবারও নতুন একটি মামলা করেছে অ্যাপল। অ্যাপলের পেটেন্ট ভঙ্গ করেছে এ অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল কোর্টে করা নতুন মামলায় স্যামসাংয়ের সর্বশেষ বাজারে আসা গ্যালাক্সি এস৩ স্মার্টফোন পণ্যটি বিক্রিতে নিষেধাজ্ঞা জারির আবেদন করেছে অ্যাপল। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।এর আগে অ্যাপল অভিযোগ করেছিল, স্যামসাংয়ের তৈরি ১৭ টি পণ্য অ্যাপলের পেটেন্ট লঙ্ঘন করেছে। ৩১ আগস্ট যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল কোর্টে করা নতুন মামলায় অ্যাপল স্যামসাংয়ের আরও চারটি পণ্য পেটেন্ট লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে। উল্লেখ্য, এ বছরের ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আদালত অ্যাপল ও স্যামসাংয়ের মামলায় অ্যাপলের পক্ষে রায় দিয়েছেন এবং স্যামসাংকে ১০৫ কোটি ডলার জরিমানা করেছেন।নতুন মামলা সম্পর্কে অ্যাপল কর্তৃপক্ষ মুখ খোলেনি।এদিকে ৩১ আগস্ট একই দিনে জাপানের একটি আদালত অ্যাপলের দায়ের করা পেটেন্ট ভঙ্গের মামলায় স্যামসাংয়ের পক্ষে রায় দিয়েছেন এবং অ্যাপলের অভিযোগ খারিজ করে রায় দিয়েছেন- স্যামসাং অ্যাপলের পেটেন্ট ভঙ্গ করেনি।