'গ্রীষ্মে এক-আধটু গরম থাকবেই, টেক ইট ইজি!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভুয়া জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী মিলে যায় অনেক সময়, আবহাওয়াবিদদের কথা মেলে না! কেন মেলে না? কিংবা সেই কোটি টাকার প্রশ্ন—কবে হবে বৃষ্টি? এমন কিছু প্রশ্ন নিয়ে রস+আলো গিয়েছিল জনৈক আবহাওয়াবিদের কাছে। পড়ুন বিস্তারিত।
রস+আলো: এত গরম কেন?
আবহাওয়াবিদ: কী আর বলব! কদিন ধরে এসিটা নষ্ট! এই গরমে থাকা যায়, বলুন?
র.আ.: না না, জিজ্ঞেস করেছি, দেশে এত গরম কেন?
আ.: ও, আচ্ছা! এটার উত্তর আমরা দেওয়ার কে? আপনারা শীতকালে জিজ্ঞেস করেন, ‘এত শীত কেন?’ গ্রীষ্মকালে জিজ্ঞেস করেন, ‘এত গরম কেন?’ গ্রীষ্মে এক-আধটু গরম থাকবেই! টেক ইট ইজি।

র.আ.: গত সপ্তাহে বললেন, সাত দিনের মধ্যে বৃষ্টি হবে। কই, হলো না তো!
আ.: আমরা বলতে চাইনি। আপনারা মানে রিপোর্টাররা এমনভাবে ঘিরে ধরলেন, কিছু না বলে পারা গেল না! আপনাদের আশার বাণী না শোনালে এই গরমের জন্য আমাদেরই দায়ী করে ফেলতেন!
র.আ.: তাই বলে দেশবাসীকে মিথ্যা আশ্বাস দেওয়া কি ঠিক হলো?
আ.: দেখুন, এ দেশের সাধারণ জনগণ বড় আবেগপ্রবণ। সত্যি কথা বললে তারা এই গরম আর সহ্য করতে পারবে না। আশায় থাকুক, বৃষ্টির কথা ভাবলেও তো একটু শান্তি শান্তি ভাব কাজ করে।
র.আ.: সত্যি করে বলুন তো, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে?
(ঠিক সেই মুহূর্তে একটা ফোন কল এল। আবহাওয়াবিদ ফোনটি ধরলেন। কিছুক্ষণ পর আবার ফিরে এলেন সাক্ষাৎকারে।)
আ.: স্যরি! ফোন করেছিলেন নামকরা এক এয়ারকন্ডিশনার ব্র্যান্ডের ম্যানেজার। আমাকে অনুরোধ করলেন, যাতে মিডিয়ার সামনে বলি, শিগগিরই বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই! তাতে নাকি তাঁদের পণ্যের বিক্রি বাড়বে! বুঝুন অবস্থা! কিসের মধ্যে আছি।
র.আ.: তা-ও তো ভালো যে আপনাকে এসির বিজ্ঞাপনের মডেল হতে বলেনি!
আ.: হলে কিন্তু খারাপ হতো না! কী বলেন? যা হোক, পশ্চিম আর উত্তর দিক থেকে একটি তীব্র গতির ঝড় ধেয়ে আসছে। যেকোনো দিন দেখবেন বৃষ্টি ঝরতে শুরু করেছে। এই যে, এই যে...বৃষ্টি পড়তে শুরু করেছে! হে হে হে!
র.আ.: হ্যাঁ, সত্যিই তো! প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আচ্ছা, আমরা আবার ফিরে আসি আপনার কাছে। এই বৃষ্টি কদিন থাকতে পারে বলে আপনার ধারণা?
আ.: আকাশের অবস্থা দেখে আর অন্যান্য তথ্য বিশ্লেষণ করে মনে হচ্ছে, টানা কদিন মাঝারি ও ভারী বৃষ্টিপাত হবে।
র.আ.: প্রিয় দর্শক, আপনারা নিজ কানেই শুনলেন, বৃষ্টি হবে টানা কয়েক দিন। স্বস্তি ফিরবে…
আ.: আরে ভাই, থামুন, থামুন...
র.আ.: লাইভ টেলিকাস্ট হচ্ছে, এসব কী বলছেন?
আ.: আরে ভাই, দেখছেন না বৃষ্টি থেমে গেছে! আকাশ এখন পরিষ্কার! আমি যে কিছুক্ষণ আগে বললাম, টানা বৃষ্টি হবে, সেটা আর প্রচার করবেন না, প্লিজ!
র.আ.: স্যার, অনুষ্ঠানটা তো লাইভ দেখানো হচ্ছে! যারা শোনার, শুনে ফেলেছে।
আ.: তাহলে এক কাজ করুন। নামকরা এক ডাক্তারকে লাইভে নিন। উনি এই গরমে যা যা করণীয়, পরামর্শ দিতে থাকুন। আমাকে এবার মাফ করুন...
র.আ.: আরে না না, তা কী করে হয়! আমরা বরং একটা বিজ্ঞাপন বিরতিতে যাই। প্রিয় দর্শক, এখন যাচ্ছি ‘আনোয়ার ছাতা’র সৌজন্যে বিশেষ বিজ্ঞাপন বিরতিতে। বৃষ্টি হলেও ছাতা লাগবে, না হলেও লাগবে। কারণ, এই রোদে আপনার কোমল ত্বক পুড়ে যেতে পারে। প্রসাধন সামগ্রীর ওপর নির্ভরতা কমিয়ে রোদ থেকে রক্ষা পেতে ব্যবহার করুন ‘আনোয়ার ছাতা’...